জাতীয় নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব এখনো ওয়েবসাইটে দেয়নি ইসি

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৩
জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের কথা থাকলেও সে বিধান মানেনি নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিলের দুই মাস অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোন তথ্য দেয়া হয়নি ওয়েবসাইটে। অথচ গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৪৪ ডি (৩) অনুচ্ছেদে স্পষ্টভাবে নির্বাচনী ব্যয় ওয়েবসাইটে প্রকাশ করার বিধান রয়েছে। গত সোমবার ওয়েবসাইটে নির্বাচনী ব্যয়ের তথ্য প্রকাশের জন্য নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক লিখিতভাবে তাগিদ দিয়েছেন। নির্বাচনী ব্যয়ের তথ্য প্রকাশের বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক ইত্তেফাককে জানান, আগামী বৃহস্পতিবারের মধ্যে তথ্যগুলো আপডেট করার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে। আশা করছি দ্রুত ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ইসি সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচন পরিচালনা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) প্রার্থীদের ব্যয়ের হিসাব সম্পর্কিত বিধানগুলো খতিয়ে দেখতে গিয়ে নির্বাচনী ব্যয় ওয়েবসাইটে প্রকাশের বিষয়ে কমিশনের নজরে আসে। কেন এ বিধান মানা হয়নি-এ বিষয়ে সচিবালয়ের কাছে কৈফিয়ত তলব করে কমিশন। এর আগে গত শুক্রবার দৈনিক ইত্তেফাকের শেষপৃষ্ঠায় ‘সংসদ নির্বাচন ব্যয়ের হিসাব দিতে পারেননি ১৭৩ প্রার্থী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপর নির্বাচন কমিশন কারা হিসেব জমা দেয়নি, এ হিসাব দেয়া কতটা বাধ্যতামূলক তা জানার জন্য সচেষ্ট হয়ে উঠেন। তত্পর হয়ে ওঠেন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও। সোমবারই কমিশনের নির্দেশে সব রিটার্নিং অফিসারের কাছে তাগাদা পাঠানো হয়। কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত সর্বশেষ চিঠিতে বলা হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতসহ যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করেননি তার তথ্য ২৪ এপ্রিলের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে হবে। ইতিমধ্যে ১৪টি জেলার নির্বাচনী ব্যয়ের তথ্য হাতে পেয়েছে কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ ( আরপিও)-১৯৭২-এর ৪৪-সি অনুচ্ছেদের (১) দফার বিধান অনুসারে নির্বাচিত প্রার্থীর নাম সরকারি গেজেটে প্রকাশ হওয়ার ৩০ দিনের মধ্যে প্রার্থী বা প্রার্থীর নির্বাচনী এজেন্টকে নির্ধারিত ফরমে এফিডেভিটসহ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। একই সাথে এর অনুলিপিও রেজিস্টার্ড ডাকযোগে নির্বাচন সচিবালয়ে পাঠাতে হবে।