সন্ত্রাসের বলি দুই স্কুলছাত্র

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে সোমবার রাতে তালিকাভুক্ত সন্ত্রাসী সোলায়মান উদ্দিন জিসান ও নাসির বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ ও দুই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ৮ম শ্রেণীর ছাত্র রবিউল ইসলাম শিমুল ঘটনাস্থলেই নিহত হয়েছে। এছাড়া ফরহাদ নামে অপর এক স্কুলছাত্র অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ আরো অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হলে দুই সন্ত্রাসী বাহিনীর বেশ ক’জন গুলিবিদ্ধ হন। সংঘর্ষের মাঝখানে পড়ে রবিউল ইসলাম শিমুল (১৪) নামে স্থানীয় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পথে রাত ১২টার দিকে সে মারা যায়। শিমুল চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। স্থানীয়রা জানান, বন্দুক যুদ্ধ ও সংঘর্ষের এক পর্যায়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি তোফায়েল আহমদ ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী করিমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে আগুনে পুড়ে তোফায়েল আহমদের নাতি প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফরহাদ হোসেন মামুন (১৬)রাত সাড়ে ১১টার দিকে মারা যায়। অগ্নিসংযোগের খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বিএনপি নেতা তোফায়েল আহমদ, কাজী রাজু আহমদসহ ৬জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত রাজু আহমদকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও তোফায়েল আহমদকে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার এড়াতে অন্যদের গোপনে চিকিত্সা দেয়া হয়েছে বলে জানা গেছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে বন্দুক যুদ্ধ ও সংঘর্ষ শুরু হলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রসঙ্গত, সোলায়মান উদ্দিন জিসান ও নাসির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। প্রতিনিয়ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে হামলা, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এদের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।