সাভারের রানা প্লাজা ধসের বছর পূর্তি কাল। ওই ভয়াবহ দুর্ঘটনার এক বছর পরও গার্মেন্টস খাতের শ্রমিকদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে উদ্বেগ এখনো রয়ে গেছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এছাড়া স্থগিত হওয়া জিএসপি সুবিধা পুনর্বহাল নিয়ে কয়েক মাস আগে একটি পর্যালোচনা করা হয়েছে জানিয়ে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, জিএসপি পুনর্বহালের জন্য তখনো বাংলাদেশের কাঙ্ক্ষিত মাত্রায় অগ্রগতি হয়নি।
এ বিষয়ে গতকাল বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করে। সাম্প্রতিক এক ব্রিফিংয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেয়া বক্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, বাংলাদেশের পোশাক শিল্পে অগ্নি ও ভবন নিরাপত্তায় উদ্যোগ গ্রহণ, ট্রেড ইউনিয়ন গঠনের হার বৃদ্ধি পাওয়া, পরিদর্শক নিয়োগসহ কয়েকটি বিষয়ে অগ্রগতি দেখা যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে শ্রমিকের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে এখনো উদ্বেগ রয়ে গেছে। আইনগত বিষয়সহ কয়েকটি বিষয়ে এখনো বাংলাদেশের অনেক কাজ বাকি রয়ে গেছে। এছাড়া রানা প্লাজা ধস ও তাজরীনে অগ্নিকাণ্ডের পর কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার ইস্যুটি এখন উভয় দেশের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
প্রসঙ্গত, গত বছরের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১ শতাধিক শ্রমিকের প্রাণহানি হয়। এর ছয় মাস আগে তাজরীন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়। এর জেরে গত জুনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত হয়ে যায়। এ ব্যাপারে দেশটির একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ জিএসপি স্থগিতের চাপ বুঝতে পেরেছে। এটি বাংলাদেশ সরকারের কাছে একটি কঠিন বার্তা দিয়েছে।
