টেকনাফ স্থল বন্দরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৭
দুই ব্যবসায়ীকে বিজিবি আটক করায় এবং তাদের নামে মিথ্যা মামলা দেয়ার অভিযোগে টেকনাফ স্থল বন্দরে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক সমিতি ও ট্রাক মালিক-শ্রমিক অ্যাসোসিয়েশন যৌথভাবে এই ধর্মঘট পালন করছে। গত সোমবার রাতে টেকনাফ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. দিদার হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকনাফ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. আয়াস ও সদস্য জিয়াবুল হোসেনকে বিজিবি সদস্যরা রবিবার রাত ২টায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সোমবার এ দুই ব্যবসায়ীকে যথাক্রমে ৪৬ পিস ও ৪৭ পিস ইয়াবাসহ আটক দেখিয়ে থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। এর আগে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদানের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বিজিবি। অবিলম্বে বিজিবির দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, আটককৃতদের মুক্তি এবং এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বন্দর সংশ্লিষ্ট তিন সংগঠন। প্রসঙ্গত জিয়াবুল ও আয়াজ দুই ভাই। ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জাল আল জাহিদ বলেন, বিজিবির একটি বিশেষ টহল দল টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. জিয়াবুল (৩১) ও মো. আয়াজকে (২৯) ইয়াবাসহ আটক করে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আটককৃতদের গতকাল সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।