রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস ২৪ থেকে ২৭ এপ্রিল

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৮
আগামী ২৪-২৭ এপ্রিল উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্কার্স পার্টির ৯ম কংগ্রেস। এতে সারাদেশ থেকে ওয়ার্কার্স পার্টির ৬ শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক, ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। কংগ্রেসের সার্বিক আয়োজন নিয়ে পার্টির কেন্দ ীয় এবং রাজশাহী জেলা ও মহানগর কমিটি প্রস্তুত বলে জানিয়েছেন দলের পলিটব্যুরোর সদস্য ও রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ওয়ার্কার্স পার্টির মহানগর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, ২৪ এপ্রিল সকাল ১০টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খাপড়া ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কংগ্রেসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এই প্রথম বারের মতো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান মল্লিকসহ পার্টির পলিটব্যুরোর শীর্ষ নেতৃবৃন্দ রাজশাহী কারাগারের অভ্যন্তরের শহীদ মিনারে খাপড়া ওয়ার্ডের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বিকাল ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হাতে নিহত রাজশাহীর প্রথম শহীদ ছাত্রমৈত্রীর নেতা জামিল আখতার রতনের সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে কংগ্রেসের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর জাতীয় এবং পার্টির পতাকা উত্তোলন করবেন পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ ১৪ দল এবং সিপিবি, বাসদ, ঐক্যনাপ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ অন্যান্য গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কংগ্রেসে উপস্থিত থাকবেন। কংগ্রেসে ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, চীন, কিউবা, তুরস্কসহ বিভিন্ন দেশের কমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ এবং ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত থাকবেন। এছাড়া কংগ্রেসে বিভিন্ন দেশের ৪৭টি পার্টি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।