গল্প নয় সত্যি

ভুলোমনা এক ব্যক্তির কাণ্ড

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:২৭
নানা সময়ে এটা সেটা ভুলে যাবার অভ্যাস কমবেশি আমাদের সবার মাঝেই আছে। তবে তাই বলে নিজেই কোনো একটি স্থানে গাড়ি পার্কিং করে সেটার কথা বেমালুম ভুলে যাওয়া এবং এরপর গাড়ি চুরি গেছে ভেবে পুলিশকে ফোন করার মতো ঘটনা সচরাচর ঘটেনা। আর এ কারণেই এ ধরনের মজার এক কাণ্ড ঘটিয়ে এবার সংবাদ শিরোনাম হয়েছেন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোনাট গ্রুভ শহরের এক বাসিন্দা। ঘটনার দিন নাম প্রকাশ না হওয়া এই প্রবীণ ব্যক্তি শহরের একটি হার্ডওয়্যার শপের পাশে গাড়ি রেখে কিছু কেনাকাটা করতে যান। কিন্তু কেনাকাটা শেষে বেরিয়ে এসে দোকানের সামনের পার্কিং লটে নিজের গাড়িটি দেখতে না পেয়ে সেটি চুরি হয়েছে বলে ধরে নেন। এক্ষেত্রে ওই ব্যক্তি যে গাড়িটি কোথায় পার্ক করেছেন শুধু সেটাই ভুলে গিয়েছিলেন তা-ই নয়, বরং ভুল একটি জায়গাকে গাড়ি রাখার স্থান ভেবে বেশ আত্মবিশ্বাসীও ছিলেন। আর এই ভুল বিশ্বাসের কারণেই তিনি আশেপাশের আর কোনো পার্কিং বে’তে গাড়ির সন্ধান না করে সোজাসুজি বিষয়টি ফোন করে স্থানীয় পুলিশ বিভাগকে জানান। তবে পুলিশ বিভাগের অনুসন্ধানকারীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে কাজ শুরু করতে না করতেই গাড়িটির সন্ধান পান দোকানের ঠিক পাশের পার্কিং বে’তেই। এমনকি গাড়িটি যে পার্ক করার পর একচুলও আর সেখান থেকে নড়ানো হয়নি সেটিও নিশ্চিত হন তারা। তবে গাড়ি চুরি নিয়ে এ ধরনের ভুল অভিযোগের বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছে পুলিশ। এ বিষয়ে মন্তব্য করতে যেয়ে সিনিয়র সার্জেন্ট স্মিথ পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লেখেন, ‘আমাদের সবারই এ ধরনের একটা দিন আসে। এমনকি আমি তো মাঝে মাঝে আমার নামের বানানে দু’টো ‘আর’ দিতে হবে না একটা দিতে হবে সেটাও ভুলে যাই। তবে সে যাই হোক, আপনাদের স্থানীয় পুলিশ বিভাগের পক্ষ থেকে এটা আমাদের এক আনন্দময় গ্রাহক সেবা।