আন্তজার্িতক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান মোরশেদুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি আজীবন সম্মাননা প্রদান করেছে। গত ১ বৈশাখ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি মেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান, মোরশেদুল ইসলামের সহধর্মিনি মুনিরা মোরশেদ মুন্নি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, দৈনিক ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আরজু। সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির স্বাগত বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট লিটন দেব। অনুষ্ঠানে মোরশেদুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্ত করার সময় তিনি বলেন, ‘সাহিত্য একাডেমি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন থেকে সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত। এই সম্মাননার কথা আমার আজীবন মনে থাকবে।’
