বর্ষবরণ উত্সব

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:৩২
নানা আয়োজনের মধ্যদিয়ে কুষ্টিয়ার কুমারখালিতে উদযাপিত হলো বাঙালির প্রাণের বর্ষবরণ উত্সব। পহেলা বৈশাখ সকালে কুমারখালি জে এন মাধ্যমিক বিদ্যালয় চত্বর হতে বাঙালি সাজে বের হয় বর্ণিল শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন কুমারখালি পৌরসভার মেয়র মো. সামছুজ্জামান অরুণ। অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার, উত্সব উদযাপন কমিটির আহ্বায়ক আকতারুজ্জামান নিপুণ প্রমুখ। কুমারখালি সংগীত বিদ্যালয় আয়োজন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্সবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কুমারখালি সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নির্মল চন্দ্র মজুমদার। কণ্ঠশিল্পী জিয়াউর রহমান মানিকের পরিচালনায় গান পরিবেশন করেন চয়ন, কিয়াম বিশ্বাস, কবি, মিতা সিংহ রায়, সিরাজুল হাক, মিম, শুভ। বাদ্যযন্ত্রে ছিলেন জগদিশ, রনি, মধু, রাহুল প্রমুখ। এদিকে বিকালে কুমারখালি পৌর শিশুপার্কে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার আয়োজনে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন শেখ আলতাফ মাহমুদ। আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল বারী জোয়ারদার, শিক্ষক আবদুল মুত্তালিব, কবি লিটন আব্বাস প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুজ্জাান আইয়ুব। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।