বাবা-মাকে নিয়ে তন্দ্রা নামের মেয়েটির সুখের সংসার ছিল। কিন্তু একসময় তার বাবা-মা আলাদা হয়ে যান। তন্দ্রা তার বাবার সাথেই থাকেন। কিন্তু বাবা একসময় আরেকটি বিয়ে করেন। একা হয়ে পড়ে তন্দ্রা। যার ফলে কাঁটাযুক্ত বৃক্ষ ক্যাকটাসের মতো একধরনের জীবন শুরু হয়ে তন্দ্রার। একসময় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ভদ্র ছেলে সৈকতের সঙ্গে পরিচয় হয় তন্দ্রার। এগিয়ে যায় নাটকের গল্প। এই গল্পেরই নাটক ‘ক্যাকটাস’-এ তন্দ্রা চরিত্রে অভিনয় করেছেন লাক্সতারকা ইশানা। এরইমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন, ‘প্রতিনিয়তই অনেক নাটকে কাজ করতে হয়। খুব বেশি চ্যালেঞ্জিং চরিত্র পাই না। কিন্তু ‘ক্যাকটাস’ নাটকের গল্প এবং আমার চরিত্রটি সত্যিই অনেক ভালোলাগার জন্ম দিয়েছে আমার মধ্যে। আমি অনেক আগ্রহ নিয়ে কাজটি করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ নাটকটির গল্প রচনা করেছেন হাবিব জাকারিয়া উল্লাস, পরিচালনা করেছেন অনন্য ইমন। ‘ক্যাকটাস’ নাটকে ইশানার বিপরীতে সৈকত চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। ইশানা এরইমধ্যে আরও শেষ করেছেন ‘আকাশনীলা’, ‘ভালোবেসে যেও’, ‘নিজ গৃহে পরবাসী’, ‘তৈল ও জলীয় সমাচার’, ‘নির্বাক ভালোবাসা’ ইত্যাদি খণ্ড নাটক। ইশানা নাটকে অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ভালো ভালো বিজ্ঞাপনেও কাজ করেছেন। যারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ফেয়ার অ্যান্ড লাভলী’, ‘প্যানাসনিক’, ‘সানসিল্ক’, ‘লাক্স’ ইত্যাদি। সেইসাথে অসীম গোমেজের ‘ডেড লাইন’ ধারাবাহিক নাটকে ইশানা অভিনয় করেছেন সিআইডি অফিসারের চরিত্রে, যে কারণে ইশানাকে মোটরসাইকেল চালানো শিখতে হয়েছে। উল্লেখ্য, ‘ক্যাকটাস’ নাটকটি খুব শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
