তার অপরাহ্ন
এই প্রজন্মের ব্যস্ততম নাট্যকার রুদ্র মাহফুজের লেখা নাটকে এবার অভিনয় করলেন লাক্সতারকা ঊর্মিলা। সাখাওয়াত হোসেন মানিকের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও জনপ্রিয় অভিনেত্রী তারিন। ‘অপরাহ্ন’ শিরোনামের এক খণ্ডের এই নাটকে অভিনয় প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘পার্থ দা কিংবা তারিন আপু দু’জনই আমার ভীষণ প্রিয়। দু’জনের সঙ্গে একই নাটকে অভিনয় করতে পেরেছি এটাই আমার অনেক বড় পাওয়া।’ নাটকটি আসছে ঈদে এনটিভিতে প্রচারের কথা রয়েছে।
বিয়ে করছেন ছবি
দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবি বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। আগামী ৯ মে রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনীর ‘ফ্যালকন’ হলে ফারজানা ছবির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঢাকা কমার্স কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর তন্ময় সরকারের সঙ্গে এরইমধ্যে গত ১৭ এপ্রিল একেবারেই ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে ফারজানা ছবির বাগদান সম্পন্ন হয়েছে। আগামী ৫ মে মিরপুরের সেতারা কনভেনসন হলে ছবির গায়ে হলুদ অনুষ্ঠিত হবে। মূলত ফারজানা ছবির সঙ্গে তন্ময় সরকারের পরিচয় কমার্স কলেজে পড়ার সময় থেকে। তারপর দু’জনের মধ্যে বিগত দিনগুলোতে শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল। উভয় পরিবার তাদের এই বন্ধুত্বকে স্থায়ী করার জন্যই দু’জনের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা করতে যাচ্ছে। নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, কেমন লাগছে আপনার? জবাবে ফারজানা ছবি বলেন, ‘তন্ময়ের সঙ্গে আমার বন্ধুত্ব বহুদিনের। তবে মূলত উভয় পরিবারের সম্মতিতে এবং সৃষ্টিকর্তার ইচ্ছেতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সমঝোতা করে চলার তৌফিক দান করেন—এই চাচ্ছি। তবে আমি যেমন আশা করব ব্যক্তি আমাকে মর্যাদা দেওয়ার পাশাপাশি শিল্পী সত্তাকেও যেন তিনি শ্রদ্ধা করেন। আমিও তার কাজের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকব। জানি সংসার জীবনে পা রাখলে মেয়েদের অনেক কিছু ত্যাগ করতে হয় এবং আমার সে মানসিকতা আছেও। সবার কাছে দোয়া চাইব যেন খুব প্রশান্তির একটা জীবন হয় আমাদের।’
শশীর ‘ওশান ব্লু’
ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী শশী এবার ভিন্ন একটি চরিত্রে অভিনয় করলেন। হাবিব জাকারিয়া উল্লাসের রচনায় ও অনন্য ইমনের পরিচালনায় ‘ওশান ব্লু’ নাটকে তাকে দর্শকরা খুঁজে পাবেন নতুনভাবে। এই নাটকে শশীর বিপরীতে নায়ক হিসেবে আছেন আমিন খান। আসছে ঈদের জন্য নির্মিত এই নাটকে অভিনয় নিয়ে শশী বলেন, ‘এর আগে আমিন ভাইয়ার সঙ্গে অনিকের পরিচালনায় একটি নাটকেই কাজ করেছিলাম। তবে ‘ওশান ব্লু’ নাটকের গল্প, চরিত্রের ভিন্নতা অন্যরকম। আমিন ভাই ভীষণ বিনয়ী এবং সর্বোচ্চ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। চলচ্চিত্রের একজন নায়ক হয়েও তারমাঝে যে স্বাভাবিকতা দেখেছি তা আমাকে মুগ্ধ করেছে। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।’ এদিকে শশী এরইমধ্যে শেষ করেছেন আফজাল হোসেন মুন্না পরিচালিত ‘সেদিন দু’জনে’ টেলফিল্মের কাজ। এতে তার বিপরীতে আছেন বিশিষ্ট সংগীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া।
