তবুও ভালো যাচ্ছে ‘দবির সাহেবের সংসার’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:৪০
সম্প্রতি সারাদেশে মুক্তি পেয়েছে জাজ মাল্টিমিডিয়ার নতুন চলচ্চিত্র ‘দবির সাহেবের সংসার’। মুক্তির প্রথমদিকেই হলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। তবে শেষমেশ ছবিটি আহামরি ব্যবসা না করলেও দর্শকরা সন্তুষ্ট। সেভাবে হিট বা সুপারহিট হিসেবে ছবিটিকে এই মুহূর্তে ঘোষণা না করতে পারলেও ছবিটি এখনও দর্শক ধরে রাখতে পারছে। এমনকি ছবিটি দর্শক উপভোগও করছেন। যারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন তারা অন্তত মুগ্ধ হচ্ছেন। সরেজমিন এবং সিনেমাহলগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে, অনেকদিন পর এ রকম একটা মজার এবং পরিপূর্ণ কমেডি সিনেমা পেয়ে উচ্ছ্বসিত দর্শক। ছবিটি নিয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও শীষ মনোয়ার বলেন, ‘আমরা ব্যবসায়িক দিক হিসেব করলেও সবার আগে চিন্তা করেছি দর্শকের রুচি পরিবর্তনের কথা। সেই চিন্তা থেকেই আমরা কমেডি সিনেমা নির্মাণ করি। আমরা জানি এই সময়ে এমন একটি সিনেমা দর্শক লুফে নেবে। কিন্তু এতটা ভালোভাবে নেবে—এটা কখনোই চিন্তা করিনি। দর্শকের এমন উচ্ছ্বাসে আমরা সত্যিই আনন্দিত।’ এ সময়ের আলোচিত সফল জুটি বাপ্পি এবং মাহিরও প্রথম কমেডি সিনেমা ‘দবির সাহেবের সংসার’। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন নবাগত নায়ক রোজ। তারা তিনজনই অভিনয় করেছেন চাকরের চরিত্রে। যা তাদের কাছে একদম নতুন অভিজ্ঞতা। আবার পরিচালক জাকির হোসেন রাজুর ক্যারিয়ারে এবারই প্রথম ফুল কমেডি ছবি এটি। ‘দবির সাহেবের সংসার’ সিনেমার মূল চরিত্র দবিরের চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ। তাকে নিয়ে সিনেমার মূল গল্প গড়ে উঠেছে।