আমার গুরুজি : কনকচাঁপা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ১৯:৪১
আমার অনেক সৌভাগ্য যে আমার গুরু এমন একজন, যিনি গানের জগতে সবচেয়ে শুদ্ধ আর অকপট মানুষ। বশির ভাইকে নিয়ে স্মৃতিকথা বললে হয়তো একটি মহাকাব্য হয়ে যাবে। তারপরও হয়তো সময় করে কোনো একদিন গুরুকে নিয়ে লিখতে বসব। আমার প্রথম গানের তালিম থেকে শুরু করে যেকোনো জায়গায় আটকে গেলে তার সাথে কথা হতো। যখন শিখতাম, তিনি শুধু এটুকুই বলতেন গানের পোশাকী চাকচিক্যে গান গাইলে নিজের বয়সের সাথে সাথে তোমার গানও ফুরিয়ে যাবে। গানটা গানের মর্যাদায় রেখো। এই কথা তিনি বিশ্বাস থেকেই বলতেন। সেই থেকে মিডিয়ার অতি প্রচারের জন্য কখনও মুখিয়ে থাকিনি। কই? তাতে তো আমার কোনো ক্ষতি হয়নি! গুরুজির গানগুলোও তাই থেকে যাবে অনন্তকাল আমাদের মনের ডেরায়। তবে আক্ষেপের কথা বলব না। আমাদের খুব বড় একটা দায়িত্ব তার গানগুলো সংরক্ষণ করা। আমরা দিনকে দিন এতটাই বায়বীয় হয়ে যাচ্ছি যে, একেবারেই নিজের গানগুলোর লিরিক, গীতিকার, সুরকার কে এগুলো জানার বা জানানোর আগ্রহ হারিয়ে ফেলেছি। মৃত্যুর পর আমার পরিচিত একজন জিজ্ঞেস করল, বশির ভাই এত ভালো সুর করতেন। এগুলো তার সুর করা, সেটিই তো জানতাম না। এ নিয়ে তাকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের গানগুলোর রিসোর্স একটা আর্কাইভ করা খুবই জরুরি। তার মৃত্যুর পর এটুকু করার জন্যই চেষ্টা থাকা উচিত সকলের।