দীর্ঘ প্রবাসযাপনে মোনালিসা-মিলা!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২০:৪১
ম্যাজিক ডে ১২.১২.১২-তে ফাইয়াজ নামের আমেরিকা প্রবাসী তরুণকে বিয়ের পর এক বছর গড়াতে না গড়াতেই বাজে বিচ্ছেদের সুর। সেই ডিভোর্স সংক্রান্ত বিষয়েই আমেরিকা অবস্থান করছিলেন মডেল অভিনেত্রী মোনালিসা। কথা ছিল খুব শিগগিরই ফিরবেন। এজন্য ঢাকায় একাধিক নির্মাতা ও প্রযোজককের পুরোনো শিডিউলগুলো বারবার পেছানো হচ্ছিল। কিন্তু প্রায় ১ বছর ধরে আমেরিকায় অবস্থানের পরও এবারে শোনা গেল সেখানে একটি বাংলা চ্যানেলে তিনি জয়েন করেছেন। কাজ করছেন একজন চ্যানেলকর্মী হিসেবে। মোনালিসার এই নতুন পেশার খবর জানান তারই ঘনিষ্ঠজন। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মরত ছবিও দেখা গেছে। সেখানে বিভিন্ন বাঙালি কমিউনিটিতে তাই এখন একজন চ্যানেলকর্মী হিসেবেই হাজির হচ্ছেন তিনি। এদিকে শুধু মোনালিসাই নন, বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় পপস্টার মিলাও দীর্ঘ প্রায় কয়েক মাস যাবত্ রয়েছেন প্রবাসে। নিজের দুটি কনসার্টের কনট্রাক্টে মাত্র কয়েকদিনের জন্য গেলেও এখন টানা কয়েক মাস যাবত্ রয়েছেন। তিনিও সংযুক্ত হয়েছেন আরও একটি বাংলা চ্যানেলের কনসালটেন্ট হিসেবে। এছাড়া মিলা এখন স্থানীয় বাঙালিদের ঘরোয়া শোগুলোতেই ব্যস্ত রয়েছেন। ইমেইল বার্তায় মিলা জানান, ‘অডিও বাজার বলতে তো কিছু নেই এখন বাংলাদেশে। এছাড়া গানের অবস্থা যা তাতে তো নতুন গানের প্রমোশন নেই। তাই শিল্পীকে তো স্টেজেই বেঁচে থাকতে হবে।’ মিলার এই তুঙ্গস্পর্শী জনপ্রিয়তার ভেতরেও প্রবাস যাপনের ঘটনায় তাই দেশের একাধিক সংগীত পরিচালক ও শিল্পীরা অনেকেই তার শূন্যতা বোধ করছেন। অনেকের মতে মিলার মতো এত গুণী একজন শিল্পী এইভাবে প্রবাসযাপন আমাদের জন্য দুঃখজনক। উল্লেখ্য, মিলা তার নিজের সুরে একটি একক অ্যালবাম ও বেশ কটি গানের মিউজিক ভিডিও করেছিলেন। এ বছরের শুরুর দিকে অ্যালববামটি রিলিজ দেওয়ার কথা থাকলেও সে বিষয়েও এখন চরম অনীহা প্রকাশ করছেন তিনি। তাই দুই অঙ্গনের এই দুই ব্যস্ত তারকার দেশে ফিরে নিয়মিত কাজের আপাত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।