সাড়ে ৭ লক্ষ দর্শকের রেকর্ড!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২০:৪২
মিউজিক ভিডিও শেয়ারিং আর নিজের লাইক গোনার বিষয়টির ওপরই যেন এখন গানের জনপ্রিয়তা নির্ভর করে। সিডি বিক্রির বিষয়টি এখন ইতিহাস হয়ে গেছে। কিছুদিন বাদেই অবস্থান নেবে জাদুঘরের কোনো এক কর্নারে। তাই এই সময়ে নিজের ভিডিও গানের সাড়ে ৭ লাখ ইউটিউব দর্শক একটি গান দেখে ফেলা সত্যিই অনন্য রেকর্ড। রিজভী ওয়াহিদ ও শুভমিতার গাওয়া এই গানটি সম্প্রতি এই রেকর্ড গড়ল। চন্দন চৌধুরীর নির্দেশনায় তৈরি এই মিউজিক ভিডিওর সাফল্য প্রসঙ্গে রিজভী বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি। কারণ এখন বিভিন্ন অ্যাওয়ার্ড প্রাপ্তিতেও কালো এক অন্ধকার থাকে। সেখানে ইউটিউবের এই সাফল্যে কোনোরকম শঠতা নেই। সত্যি আমি কৃতজ্ঞ।’ উল্লেখ্য, এরই মধ্যে রিজভী ওয়াহিদ ঘোষণা দিয়েছেন গতানুগতিক ধারার মিক্সড অ্যালবামে তিনি গান গাইবেন না। এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘বরাবরই বেছে কাজ করেছি এবং করব। এ কারণেই এই সিদ্ধান্ত। কারণ একই টাইপের ডিজাইন ও গানের ধরন। একগাদা মুখের ভেতরে কোনটা আমি বা আমার গান তা বোঝা মুশকিল। তাই প্রতি উত্সবেই আমার গানের অফার থাকলেও আমি তাদের সসম্মানে না করে দিই। কারণ এই সব একঘেয়ে ধারার অ্যালবাম কখনও কোনো শিল্পীর ইমেজ পরিবর্তন করতে পারে না।’