ইউক্রেনের পূর্বাঞ্চলে আবারো সামরিক অভিযানের নির্দেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:২৫
ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে আবারও সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ। এদিকে, কিয়েভ সফরে যাওয়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ‘হুমকি’ মোকাবেলায় ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আর অশান্ত পূর্ব ইউক্রেনে পরিস্থিতির উন্নতি না হলে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এরই মধ্যে পূর্ব ইউক্রেনের স্লাভিনস্কের ওপর দিয়ে টহল দেয়ার সময় ইউক্রেনের একটি সামরিক বিমানে গুলি লেগেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পূর্বাঞ্চলে এক রাজনীতিকসহ দুইজন নিহত হওয়ার ঘটনার অভিযোগে সেখানকার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে গতকাল বুধবার আবারও সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ। উল্লেখ্য, স্লাভিনস্ক শহরের কাছে মঙ্গলবার রাজনীতিক ভ্লাদিমির রাইবাক এর লাশ পাওয়া যায়। কাছাকাছি হরলিভকা শহরে ফাদারল্যান্ড পার্টির স্থানীয় কাউন্সিলর ছিলেন রাইবাক। নিহত অপরজনের পরিচয় এখনো যায়নি। দুইজনকেই ‘নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে’ বলে তুর্কিনোভকে উদ্ধৃত করে বিবিসি’র খবরে জানানো হয়। তুর্কিনোভ বলেন, ‘ডোনেস্ক অঞ্চল পুরো দখলে নিয়ে জিম্মি করে রাখা সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেশি বেড়ে গেছে। রাশিয়ান ফেডারেশনের পুরো সমর্থন এবং সম্পৃক্ততার ভিত্তিতে এ সমস্ত অপরাধ সংঘটিত হচ্ছে।’ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের কিয়েভ সফরের সময়েই পূর্ব ইউক্রেইনে নতুন করে এই সামরিক অভিযান শুরুর পদক্ষেপ নিলেন তুর্কিনোভ। তবে এরই মধ্যে জো বাইডেন রাশিয়ার ‘হুমকি’ মোকাবিলাসহ অন্য ক্ষেত্রে কিয়েভের অন্তর্বর্তী প্রশাসনের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। কিয়েভে পশ্চিমপন্থী নেতাদের সঙ্গে বৈঠকের পর বাইডেন রাশিয়াকে কথা বলা বন্ধ করে ইউক্রেন সঙ্কট সমাধানে কাজ করারও আহ্বান জানান।