আফগানিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১৯ জঙ্গি নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:২৫
আফগানিস্তানে আফগান ন্যাশনাল আর্মির (এএনএ) অভিযানে ১৯ জঙ্গি নিহত হয়েছে। এসময় সেনাবাহিনী আটজন জঙ্গিকে আটক করেছে। এদিকে আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিতে ন্যূনতম ১০ হাজার মার্কিন সেনা রাখার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। আফগানি-স্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত পাকতিকা ও ফারিয়াব প্রদেশে দুটি অভিযানে এসব জঙ্গি নিহত হয়। অভিযানের সময় অস্ত্র, গোলাবারুদ ও ২৩টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ৪২টি বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনীর কোন সদস্য হতাহত হয়েছে কী না তা বিবৃতিতে বলা হয়নি। অভিযান সম্পর্কে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। ওবামা প্রশাসনের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, চলতি বছরেই আফগানিস্তানে তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে যু্ক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত বহুজাতিক বাহিনীর অভিযান শেষ হচ্ছে। এই মিশন শেষে যুক্তরাষ্ট্রের কতো সংখ্যক সেনা দেশটিতে অবস্থান করবে এখন তাই নির্ধারণ করা হচ্ছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা দেশটিতে ৫ হাজারেরও কম সেনা মোতায়েন রাখার প্রস্তাব করেছিলেন। যুক্তরাষ্ট্রের এই সংখ্যক সেনা আফগান বাহিনীকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ের প্রশিক্ষণ দিতে পারবে বলে মনে করেন তারা। তাদের এই বিশ্বাসের পেছনে প্রেসিডেন্ট নির্বাচনের সময় নিরাপত্তা রক্ষায় আফগান বাহিনীর সাফল্যকে মূল্যায়ন করা হয়েছে বলে তারা জানিয়েছেন।