ঘাটাইল উপজেলার সিংগুরিয়া-লোকের পাড়া স্যার আ. হালিম গজনবি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ না পাওয়ায় স্কুলের শিক্ষার্থীদের দিয়ে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করালেন ওই স্কুলের তিন শিক্ষক।
জানা যায়, গত ৯ এপ্রিল ওই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিদ্যালয়ের শরিফুদ্দিন চৌধুরী দীপু, তোফাজ্জল হোসেন ও আলি আকবর নামের ৩ শিক্ষকসহ মোট ৯ জন অংশগ্রহণ করেন। নিয়োগ কমিটি ভূঞাপুর উপজেলার জুংগীপুর-রুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আলী প্রথম স্থান অধিকার করায় তাকে নিয়োগপত্র প্রদান করেন। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে বিদ্যালয়ের ওই তিন শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রধান শিক্ষক আ. খ. ম শাহজাহান কবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস বর্জন ও সড়ক অবরোধ করান। অন্যদিকে তাদের কর্মসূচিকে সফল করার জন্য এবং তা মিডিয়াতে কভারেজ পাবার আশায় কিছু জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকদের ভাড়াও করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ওই ৩ জন শিক্ষক স্কুলের মাইক ব্যবহার করে শিক্ষার্থীদের লাইন ধরিয়ে সমাবেত করেন। এরপর শ্রেণি কক্ষে না নিয়ে তাদের দিয়ে মিছিল বের করান। এসময় সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল ও প্রধান শিক্ষক অপসারণের দাবি তোলা হয়।
