ডুমুরিয়ায় বোরো ক্ষেত অজ্ঞাত রোগে আক্রান্ত

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৩৯
যে মুহূর্তে উপজেলার চারিদিকে বোরো ধান কাটার ধুম চলছে, ঠিক সেই মুহূর্তে অজ্ঞাত এক রোগে উপজেলার ১০টি বিলের প্রায় ৩ হাজার হেক্টর জমিতে রোপা বোরো ধানের শীষ শুকিয়ে ঝরে পড়ছে। ক্ষতিগ্রস্ত কৃষক অজ্ঞাত রোগে আক্রান্ত ধান ক্ষেত দেখে বুক ফাটা বেদনা আর হতাশায় ভুগছে। সারা বছরের খাদ্য হিসাবে উত্পাদিত ফসল এভাবে নষ্ট হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার তেলীখালী, বড়বন্দ, চাতরা, নলঘোনা, মুচিপোতা, মিরেখালী, ঘোনা, বান্দা, সাহস ও শিংঙ্গা এলাকার অজ্ঞাত রোগে আক্রান্ত বিলে গেলে ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, ধান ফোলার মুখে প্রথমে রোপণ করা বোরো ধানের গাছের পাতা বাদামী রং ধারণ করে। এরপর ধানের শীষ বের হলে দুধ মুখে শীষের মাথার দিক শুকিয়ে চিটায় পরিণত হয়ে পড়ে। এরপর তা ঝরে পড়ছে। মিরেখালী ও মুচিপোতা বিলের কৃষক ইমদাদুল গাজী বলেন, প্রায় ৩ বিঘা জমিতে ২৮ জাতের বোরো ধানের চাষ করেছিলাম। শীষ বের হয়ে দুধ আসার পর অজ্ঞাত এ রোগে ধান ক্ষেত শেষ হয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার পঙ্কজ কান্তি মজুমদার রোগের কথা স্বীকার করে বলেন, এটি ‘ব্লাষ্ট’ নামক একটি ছত্রাক জনিত রোগ। রোগটি অত্যধিক তাপমাত্রা এবং পানি স্বল্পতার কারণে হঠাত্ করে দেখা দিয়েছে।