কুষ্টিয়া দৌলতপুর সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা চালিয়েছে চোরাকারবারি ও গ্রামবাসী। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। বিজিবি ১৫ জনকে আটক করেছে।
মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সিপাহী আব্দুল আজিজ ও সিপাহী হরিদাস দেবনাথ নামে দুই বিজিবি সদস্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
বিজিবি কুষ্টিয়া সেক্টরের ৩২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, রাতে একদল চোরাকারবারি ভারত থেকে চোরাই পণ্য নিয়ে এপারে আসার সময় বিলুগাথুয়া মাঠে বিজিবির একটি টহল দলের সামনে পড়ে। এসময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এসময় গ্রামবাসীও চোরাকারবারিদের সঙ্গে যোগ দেয়। এ ঘটনার পর রাত ১২টার দিকে বিজিবি সদস্যরা বিলগাথুয়া গ্রামে অভিযান চালিয়ে হামলায় জড়িত সন্দেহে আক্তারুল, মনি, মহিব, সুফিয়ান, বাঘা, ঝন্টু, নয়ন, আরিফুল, সাধন, আনিস, আজিজুল, ইমারুল, রাজ্জাক, হাসান, বকুল নামে ১৫ জনকে আটক করে।
