কেন্দুয়ায় কমিটি দ্বন্দ্বে সুজান হাবার্ড স্কুল বন্ধ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪২
নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গৈচাষিয়া গ্রামের ‘সুজান হাবার্ড স্কুল ও শিশু নিকেতন’ নামে একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটির দ্বন্দ্বের জের ধরে বন্ধ হয়ে গেছে। এতে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যত্ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। উপজেলার গন্ডা ইউনিয়নের গৈচাষিয়া গ্রামের আব্দুল কাদির শান্তর প্রচেষ্টায় ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার সহিদুর রহমান ২০০৯ সালে গৈচাষিয়া গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে ৯ শতাশ ভূমি খরিদ করেন। পরে ওই ভূমিতে আমেরিকার এক দাতার সহযোগিতায় সুজান হাবার্ড স্কুল ও শিশু নিকেতন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন এবং বিদ্যালয় পরিচালনার জন্য প্রতিষ্ঠাতা সহিদুর রহমানের ছেলে সোহানুর রহমানকে সভাপতি ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সদস্য করে একটি পরিচালনা কমিটি গঠন করে ২০১০ সালের ৫ মার্চ থেকে পাঠদান কার্যক্রম শুরু করেন। কিন্তু পাঠদান কার্যক্রম শুরুর পর দীর্ঘদিনেও সভাপতি পরিচালনা কমিটির কোনো সভা আহবান না করায় সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং আমেরিকান দাতার প্রদত্ত অর্থের হিসাব নিয়ে সন্দেহ দেখা দেয়। শিক্ষকদের ৮ হাজার টাকা বেতন ভাতা দেয়ার কথা বলে নিয়োগ দিলেও পরে তাদেরকে ২ হাজার ৫শ’ টাকা করে বেতন প্রদান করায় শিক্ষকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে সহিদুর রহমানের নামে পরিচালনা কমিটি ও এলাকাবাসী অর্থ আত্মসাতের অভিযোগ তুললে তিনি উল্টো আব্দুল কাদির শান্ত গংদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি চাঁদা দাবির অভিযোগ করেন। এ ঘটনার পর ৬ এপ্রিল থেকে বিদ্যালয়টি বন্ধ রয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আউয়াল জানান, এ সম্পর্কে বিস্তারিত আমি জানি না।