দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
ফরিদপুরে মা ছেলের মৃত্যু
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে গত মঙ্গলবার বিকালে বাস, মোটর সাইকেল ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে শিখা বেগম (৪০) ও ঢাকায় নেয়ার পথে সুমন (১৯) নামে মা-ছেলে মারা গেছেন।
কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ সার্জেন্ট আরিফ হোসেন খান জানান, মোটর সাইকেল আরোহী সুমন ও শিখা বেগম অটোরিকশার সাথে ধাক্কা লেগে রাস্তায় পরে যায়। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রী বাস তাদেরকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
চকরিয়ায় দুইজন নিহত
কক্সবাজারের চকরিয়ায় গত মঙ্গলবার সকালে জীপ গাড়ি উল্টে হাবিবুর রহমান (১২) ও সাইফুল ইসলাম কাজল (২৪) নামে দুই ব্যক্তি নিহত ও আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাবিব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মৃত হারুনর রশিদের ছেলে এবং চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মো. নিজাম উদ্দিন বলেন, নিহত হাবিব চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছড়ি ইউনিয়নের মৃত হারুনর রশিদের ছেলে ও কাজল চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের নুরুল আবছারের ছেলে। দুর্ঘটনার পর গাড়িটি আটক করা হয়েছে।
মেহেরপুরের বৃদ্ধ নিহত
মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারের কোল্ড স্টোরের সামনে গতকাল বুধবার দুপুরে ট্রাকের ধাক্কায় সুরত আলী (৮০) নামে এক বৃদ্ধ মারা গেছেন।
নিহতের বড় ভাই সৌরভ জানান, সাইকেলযোগে যাওয়ার পথে কোল্ড স্টোরের সামনে পৌঁছালে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
ওমানে নিহত দুই যুবকের
দাফন দেশে সম্পন্ন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ওমানের মাস্কাট শহরে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামের মো. নয়ন মিয়া (৩২) ও একই গ্রামের আ. রাজ্জাকের (২৮) লাশ গত মঙ্গলবার রাতে বিমান বন্দর থেকে তাদের পরিবার গ্রহণ করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় জানাযার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, গত ৩ এপ্রিল তারা সড়ক দুর্ঘটনায় নিহত হলেও তাদের পরিবারের সদস্যরা এ খবর পান ১৯ এপ্রিল। নিহত নয়ন মিয়ার স্ত্রী রুশিয়া আক্তার বলেন, আমাদের তিন শতক ভিটে ছাড়া কোন সহায় সম্বল নেই। বিদেশ যাওয়ার সময় এক শতক জায়গা বিক্রি ও ঋণ করে এক বছর আগে ওমান যায়। এখনো মানুষ আমাদের কাছে ধারের টাকা পায়। তার পরিবারের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।
