কুমিল্লায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়ম

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪৩
জেলার দেবিদ্বার উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের বাদ দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধান লংঘন করে মনগড়া কমিটি করায় এ শিক্ষা প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। জানা যায়, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে হারুন অর রশিদ, মোবারক হোসেন ও হালিমা বেগম নির্বাচিত হন। অভিযোগে জানা যায়, নির্বাচন পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে নির্বাচিত সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত করার বাধ্য-বাধকতা থাকলেও তা করা হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম গত ২৭ মার্চ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের লক্ষ্যে সভা আহবান করেন। পরে তা স্থগিত করে অভিভাবকদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে তার পছন্দমত সভাপতি নির্বাচনের অপচেষ্টা চালান। এদিকে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধান লংঘন করে একই তারিখে সভা দেখিয়ে স্থানীয় এমপির মৌখিক সুপারিশের বরাত দিয়ে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. আবুল কালাম আজাদ ভূঞাকে সভাপতি পদে নির্বাচিত করা হয়। এ ব্যাপারে নির্বাচিত প্রতিনিধিরা গত ৩০ মার্চ কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দাখিল করেন।