সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪৩
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কিশোরগঞ্জ প্রতিনিধি \ কিশোরগঞ্জ সদর উপজেলার কড়িয়াইল গ্রামের গোলাম কিবরিয়াকে (১৭) হত্যার দায়ে তিন সহোদরসহ পাঁচজনকে যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কিশোরগঞ্জের প্রথম আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সায়েদুর রহমান গত মঙ্গলবার এই রায় প্রদান করেন। দণ্ডিতরা হল: তিন সহোদর শাহাদাত্, আফজল ও দেলোয়ার হোসনে দিলু এবং মোবারক ও এমরুল। এমরুল ছাড়া বাকি ৪ জন পলাতক। সাক্ষ্য-প্রমাণের অভাবে অভিযুক্ত বাকি ৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়। মামলার বিবরণে প্রকাশ, ২০০৬ সালের ২২ ডিসেম্বর বিকালে পূর্ব বিরোধের জেরে সেহরা প্রাইমারি স্কুল মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে আসামিরা গোলাম কিবরিয়াকে আটকিয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর সে মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে মোট ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। উজিরপুরে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা উজিরপুর (বরিশাল) সংবাদদাতা \ উজিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যন অপূর্ব কুমার বাইন (রন্টু), মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল গত মঙ্গলবার শপথ নিয়েছেন। তাদেরকে বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ গাউস শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উজিরপুরের সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শপথ বাক্য পাঠ শেষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেনের উদ্যোগে এতে বক্তব্য রাখেন হাফিজুর রহমান ইকবাল, অপূর্ব কুমার বাইন, সীমা রানী শীল, উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি আব্দুল হাকিম সেরনিয়াবাদ প্রমুখ। আদিতমারীতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের আদিতমারী উপজেলার চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের পক্ষ থেকে গত মঙ্গলবার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড. ফিরোজ হায়দার লাভলু এবং ভাইস চেয়ারম্যান রোজিনা বেগম সম্পা ও আইয়ুব আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে। এর আগে অতিথিদের সাথে পরিচিত পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক আতিয়ার রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ ও আবুল কালাম। সাতক্ষীরায় রেললাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই বিষয়ক সভা সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার মুন্সিগঞ্জ থেকে যশোরের নাভারণ পর্যন্ত রেল লাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-নাভারণ ভায়া সাতক্ষীরা রেল লাইনের সিনিয়র সোসিওলজিস্ট বহ্নিশিখা দাস পুরকায়স্থ, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। কালীগঞ্জে মাদ্রাসার সুপার ও কমিটির সদস্যকে মারধর কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালীগঞ্জে ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার গণিতের শিক্ষক মো. আব্দুল বাতেন ৮ম শ্রেণির এক ছাত্রীকে বাড়ির কাজ করে না আনার অপরাধে প্রহার করে। গত মঙ্গলবার দুপুরে ঐ ছাত্রীর পিতা ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নূর মোহাম্মদ নয়ন মাদ্রাসার অফিস কক্ষে গিয়ে সুপারিনটেনডেন্ট মো. মোতাহার হোসেনের উপস্থিতিতে ছাত্রী প্রহারের কথা শিক্ষক বাতেনকে জিজ্ঞাসা করলে তিনি আরো উত্তেজিত হয়ে তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে তিনি কমিটির সদস্য ও সুপারিনটেনডেন্টকে মারধর করেন। এ ব্যাপারে মাদ্রাসার সুপার কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। বিকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয়পক্ষকে ডেকে সালিশ করা হয়। সালিশ বৈঠকে শিক্ষক বাতেনকে দোষী সাব্যস্ত করা হয়। পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত মঙ্গলবার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রেনু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান চুন্নু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রেনু, সাবেক ছাত্রলীগ সভাপতি ভিপি শফিকুল ইসলাম শফিক, সাবেক ছাত্রলীগের আহবায়ক রায়হান উদ্দিন আকন্দ, ছাত্রলীগের আহবায়ক সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান খন্দকার প্রমুখ। পাথরঘাটায় ওএমএস-এর চাল জব্দ পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার পাথরঘাটায় খোলা বাজারের (ওএমএস) এক ট্রলার মজুদ চাল (প্রায় ১৭৫ বস্তা) রাতের আঁধারে কালোবাজারে বিক্রি ও মজুদ করা ট্রলারের ছবি তুলতে গেলে পুলিশ বাধা দেয়। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী ও নতুন বাজার বণিক সমিতির সভাপতি আউয়াল হোসেন প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেলের ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও সাংবাদিকতা দেখিয়ে দেয়ার হুমকি দেয়। এ সময় পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল-এর পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন তার সঙ্গে ছিলেন। তালায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ সাতক্ষীরার তালায় নজরুল ইসলাম (৫৮) নামের এক মুদি ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তার বাড়ি উপজেলার নেহালপুর গ্রামে। সোমবার রাতে তালা ব্রীজের মাথায় চরগ্রামে উক্ত ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশ জানায়, এ ঘটনায় এখনও কেউ থানায় এজাহার কিংবা অভিযোগ করেনি। মৌলভীবাজারে পেশাদার গাড়িচালকদের প্রশিক্ষণ মৌলভীবাজার প্রতিনিধি\ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজারের আয়োজনে পেশাজীবী গাড়িচালকদের দু’দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিআরটিএর উপ-পরিচালক(ইঞ্জি.) শহীদুলাহ্ কায়ছার, মৌলভীবাজার বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) নূরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মর্জিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন ওষুধের দোকানে ঝটিকা অভিযান পরিচালনা করেন। এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে কয়েকটি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করেন। শহরের মহারাজা রোডের পপুলার ড্রাগ হাউস ৭ হাজার, জনতা ড্রাগ হাউস ১ হাজার, স্বদেশ মেডিক্যাল ৫ হাজার ও সরকার মেডিক্যাল হলকে ৩ হাজার টাকা জরিমানা করেন। কুড়িগ্রামে নারীবান্ধব হাসপাতাল প্রতিষ্ঠায় মতবিনিময় কুড়িগ্রাম প্রতিনিধি \ ‘এসো গড়ি নারীবান্ধব হাসপাতাল’ এই প্রতিপাদ্যকে কুড়িগ্রাম সদর হাসপাতালের ড: মিলন হলরুমে অনুষ্ঠিত হয়েছে নারীবান্ধব হাসপাতাল কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় সভা। গত মঙ্গলবার কুড়িগ্রাম সিভিল সার্জন ডা: লোকমান হাকিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন আনোয়ারুল হক, প.প.কর্মকর্তা আমিনুল ইসলাম, আবাসিক চিকিত্সক নজরুল ইসলাম, সামিউল ইসলাম নান্টু, এএফএআইডির নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমিন, নারী পক্ষের জাহানারা খাতুন ও আশিষ মওলা, শেখ রিয়াজুল ইসলাম বাবুল প্রমুখ। চাটমোহরে ক্লিনিকে শিশু মৃত্যুর অভিযোগ চাটমোহর (পাবা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরের বন্ধন ক্লিনিকে ভুল অপারেশন করার কারণে মারা গেল ১২ বছরের শিশু মিরাজ উদ্দিন। মিরাজ পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লার রেজাউল করিম রেজার সত্ ছেলে। এ ঘটনার পর বিশৃঙ্খলা এড়াতে ওই ক্লিনিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, মিরাজের এ্যাপেনডিসাইটিজ অপারেশনের জন্য ডাঃ আব্দুল মজিদের পরিচালনাধীন বন্ধন ক্লিনিকে ভর্তি করা হয়। শুক্রবার মিরাজের অপারেশন করা হয়। কিন্তু অপারেশন থিয়েটারে অজ্ঞান করার পর তার আর জ্ঞান ফেরেনি। এখান থেকে রাজশাহী নিয়ে যাওয়া হয়। গত মঙ্গলবার মিরাজের মৃত্যু ঘটে। এ বিষয়ে কথা বলার জন্য পরিচালক ডাঃ মোঃ আব্দুল মজিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। শিবচরে সাংবাদিককে মারধরের অভিযোগ শিবচর (মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের শিবচরে বৈশাখী মেলার অশ্লীল নৃত্য ও লটারী ড্র’র ভিডিও করায় শিবচর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক প্রণব কুমার সাহা অপূর্বকে মারধর করেছে শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাদিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন। ঘটনাটি ঘটেছে কাদিরপুর ইউনিয়নের সোনামিয়া মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১৫ এপ্রিল রাতে। আবার সাংবাদিককে মারধরের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ১৬ এপ্রিল উল্টো শিবচর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক প্রণব কুমার সাহা অপূর্ব ও যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম (মীর ইমরান) নামে দাদন মাদবরকে দিয়ে শিবচর থানায় মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন একটি চাঁদাবাজী মামলা করেন। যা সাংবাদিক মহলে ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। নবীনগর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম গতকাল বুধবার দায়িত্বভার গ্রহণ করেন। পরিষদ মিলনায়তনে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ফয়জুর রহমান বাদল প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহেশপুরে জামায়াত নেতা গ্রেফতার মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল বুধবার ভোরে মহেশপুর উপজেলার বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াত নেতা ওয়ায়েছ মাস্টার গ্রেফতার হয়েছে। মহেশপুর থানার ওসি শাহাজান আলী জানায় বুধবার ভোরে অভিযান চালিয়ে ওয়ায়েছ মাস্টারকে আটক করা হয়েছে। তিনি ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতা মামলার এজাহারভুক্ত আসামি। জানা গেছে তিনি জামায়াতের রোকন। মধ্যনগর থানা আওয়ামী লীগের কমিটি গঠন সুনামগঞ্জ প্রতিনিধি \ মোঃ গিয়াসউদ্দিন নূরীকে আহবায়ক করে ৪১ সদস্যের মধ্যনগর থানা আওয়ামী লীগের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট এই আহবায়ক কমিটি অনুমোদন করেন। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন আকরাম হোসেন, পরিতোষ সরকার, মোবারক হোসেন, জামালউদ্দিন। এছাড়া কমিটিতে ৩৬ সদস্য রাখা হয়েছে। শ্যামনগরে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি গঠন শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা \ গত মঙ্গলবার বিকাল ৫টায় শ্যামনগরে সৈনিক লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা সৈনিক লীগের আহবায়ক মাহমুদ আলী সুমনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য স.ম. জগলুল হায়দার, সাবেক এমপি এ কে ফজলুল হক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিছের মতামতের ভিত্তিতে মনিরুজ্জামান মুকুল সভাপতি, আব্দুর রব সাধারণ সম্পাদক ও ইকবাল কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্যবিশিষ্ট শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁয় জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন নওগাঁ প্রতিনিধি \ নওগাঁয় জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপকদের এক সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। নওগাঁ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ চয়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী আঞ্চলিক অফিসের মহাব্যবস্থাপক নেছারউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি উপ-মহাবস্থাপক মোঃ মোখলেছুর রহমান। নওগাঁ এরিয়ার ২৪টি শাখার শাখা ব্যবস্থাপক, এরিয়া অফিসের অন্যান্য কর্মকর্তা এবং ঋণ কর্মকর্তাবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। সিংড়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর ৩০ বছর পূর্তি সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিমিটেড জনবীমার সাফল্যের ৩০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সকাল ১১টায় সিংড়া ২১২ কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিঃ-এর নাটোর জেলা কর্মকর্তা মোঃ ময়নুল হক বিদ্যুত্, সহকারী জেলা কর্মকর্তা আসাদুল ইসলাম, লতিফ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, সিংড়া ২১২ শাখার ব্যবস্থাপক আঃ জলিল, হিসাব রক্ষক লোকমান হোসেনসহ অত্র শাখার কর্মচারী ও কর্মীবৃন্দ। বেনাপোল সীমান্তে ভারতীয় পণ্য উদ্ধার বেনাপোল (যশোর) সংবাদদাতা \ অবৈধ সীমান্ত ঘাট দিয়ে পাচার হয়ে আসার পর গতকাল বুধবার ভোরে বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট, মোটর পার্টস ও ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। ২৩ বিজিবি পুটখালী ক্যাম্পের কমান্ডার ফরিদ উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চোরাকারবারীর একটি চক্র বিপুল পরিমাণ ভারতীয় পণ্য দৌলতপুর সীমান্ত পার করে গাতিপাড়া এলাকায় অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা বেশ কিছু বস্তা ফেলে পালিয়ে যায়। মোরেলগঞ্জে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৪’ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ উপলক্ষে গত মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সিরাজ উদ্দিন মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো.শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আশরাফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার এস,এম হাবিবুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুমের উপস্থাপনায় সভাপতিত্ব করেন কমিটির সহসভাপতি অধ্যাপক মো.মনিরুজ্জামান লাভলু। খালিয়াজুরী উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি নেত্রকোনা প্রতিনিধি \ বিএনপির সাংগঠনিক তত্পরতা বৃদ্ধি এবং দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশি সুসংগঠিত করার লক্ষ্যে খালিয়াজুরী উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে মাসুদ রানা আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন ইদ্রিস আলী, আনিছুজ্জামান তাং খোকন, দেওয়ান রহমত আলী চেয়ারম্যান, ফজলুর রহমান তাং, উপজেলা ভাইস চেয়ারম্যান মির্জা পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, তরিকুজ্জামান তরু, ফুলমিয়া, আজমান, আবুল কাশেম, মহসিন ইয়ার বকুল, ভজন ভৌমিক, হারিছুল হক ও আব্দুল মজিদ মাস্টার। জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান গত ২২ এপ্রিল এই কমিটির অনুমোদন প্রদান করেন। বড়াইগ্রামের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ একরামুল আলম, ভাইস চেয়ারম্যান জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল হাকিম ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা মহিলা দল সভানেত্রী হেলেনা বেগম গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। বিভাগীয় কমিশনার হেলালউদ্দিন আহম্মেদ তাদেরকে শপথবাক্য পাঠ করান। এ সময় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. শরিফুন্নেছাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাকৃবিতে দুর্বৃত্তদের হাতে এক শিক্ষার্থী প্রহূত বাকৃবি (ময়মনসিংহ) সংবাদদাতা \ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় এলাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের হাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলের এক শিক্ষার্থী প্রহূত হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেষ মোড়ে শহীদ নাজমুল আহসান হলের রিফাত আলম তার বন্ধুদের সাথে খেতে যায়। খাওয়া শেষ হলে ফেরার সময় প্রায় ৫-৭ জন দুর্বৃত্ত রিফাতকে ডেকে নিয়ে বন্ধুদের কাছ থেকে আলাদা করে মোড়ের অন্ধকারাচ্ছন্ন গলিতে নিয়ে যায়। ওইসব দুর্বৃত্ত রিফাতকে মারধর করতে থাকে। পরে শেষ মোড়ে কর্তব্যরত গার্ড ও আশেপাশের লোকজন সেখানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মো.শহীদুর রহমান খান বলেন, সংশ্লিষ্ট হল প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ঈশ্বরগঞ্জে মত্স্য চাষিদের দু’ দিনব্যাপী প্রশিক্ষণ ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কার্প শিং মত্স্য চাষিদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার জাটিয়া গ্রামের হাবিবুর রহমান বাচ্চুর বাড়িতে ইউ এস আই ডির অর্থায়নে সিসা বাংলাদেশ প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ফিস বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ব্র্যাক মত্স্য চাষের সাথে সম্পৃক্ত ২৫ জন চাষিকে প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণে বসত বাড়িভিত্তিক পুকুরে কার্প শিং মাছের মিশ্র চাষ ও পাড়ে শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ দেন জেলা হাব ম্যানেজার ড. মো: মাহবুবুল আলম মিয়া ওয়ার্ল্ড ফিস মত্স্য উন্নয়ন কর্মকর্তা মো:হাবিবুর রহমান ব্র্যাক জেলা ম্যানেজার এ কে এম শহীদুর রহমান। রানীশংকৈলে ১২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের শ্যামাডাঙ্গি গ্রামে গত মঙ্গলবার বিকেলে একটি পুরনো পুকুর খুঁড়তে গিয়ে খননকারিরা একটি প্রায় ১২ কেজি ওজনের দেবমূর্তি খোদাইকৃত কষ্টি পাথর খুঁজে পায়। খবর পেয়ে পুলিশের এসআই তাজুল ও হায়দার ঘটনাস্থল থেকে পাথরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আব্দুল মোনায়েম জানান, পাথরটি পরীক্ষা করে এ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে। বিরামপুর বিজিবি অধিনায়কের মতবিনিময় বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বর্ডার গার্ড বাংলাদেশ ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশিদ গত মঙ্গলবার দিনাজপুরের সীমান্তবর্তী বিরামপুর ও হাকিমপুর (হিলি) উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ৪০ বিজিবি সদর দপ্তরের কনফারেন্স রুমে মতবিনিময় সভায় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. মোরশেদ মানিক, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক জাহিদুর ইসলামসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন। বকশীগঞ্জে বাক প্রতিবন্ধী যুবক নিখোঁজ বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ বকশীগঞ্জ উপজেলার কামালের বার্তী গ্রামের মোফাজ্জল হক নামে এক বাক প্রতিবন্ধী যুবক ২০ দিন যাবত্ নিখোঁজ রয়েছে। জানা গেছে, উপজেলার সাধুড়পাড়া ইউনিয়নের কামালের বার্তী গ্রামের ছাহাদ আলীর বাক প্রতিবন্ধী পুত্র ২ সন্তানের জনক মোফাজ্জল হক ২ এপ্রিল পার্শ্ববর্তী ধারারচর গ্রামে দাওয়াত খেতে যায়। এর পর সে আর বাড়ি ফিরে আসেনি। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং কালো। তার পরনে ছিল কালো রঙ্গের চেক লুঙ্গি ও সাদা রঙ্গের চেক ফুল শার্ট। সন্ধান পেলে ০১৭৫৮২৬৪৭৯৮ ও ০১৯১৭০২০২৩৮ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তার পরিবারের সদস্যরা। দৌলতপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাব গঠনকল্পে গত মঙ্গলবার সকালে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দি নিউনেশন পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক এ.বি.খান বাবুর সভাপতিত্বে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি কঠন করা হয়েছে। জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের উপস্থিতিতে দৈনিক ভোরের কাগজ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি মো. শাহ আলমকে আহবায়ক ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মো. মাসউদুর রহমানকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। গত মঙ্গলবার বেলা ১টায় চরভদ্রাসন আন্তঃউপজেলা ঘাট এলাকার পদ্মা নদীতে পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা নির্বাহী মেজিষ্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী। জানা যায়, চরভদ্রাসন আন্তঃউপজেলা ঘাট এলাকায় ঢাকা জেলার দোহার থানার মোম্মদপুর ইউনিয়নরে মান্দারতলা আন্তঃইউনিয়ন ঘাটের স্পিড বোর্ড ও ট্রলার অবৈধভাবে প্রবেস করে যাত্রী আনা-নেয়া করায় খেয়া আইনের ১৮৮৫ এর ২৫ ধারায় ট্রলার চালক কুদ্দুস মোল্যা (৩৮) কে ১০০ টাকা জরিমানা এবং একই সময় অবৈধভাবে যাত্রী আনা-নেয়া করার কারণে দুইটি স্পিড বোর্ডের ইঞ্জিন জব্দ করে নিয়ে আসে মোবাইল কোর্ট। রামগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক একে এম টিপু সুলতান। এতে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমীন, পৌর মেয়র বেলাল আহম্মেদ, রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার আচার্য, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি প্রমুখ। মীর্জাগঞ্জে পাঠ্যবই পাচারের অভিযোগ মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ মীর্জাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই কালোবাজারে বিক্রির অভিযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তা পুতুল রানী মন্ডলকে গত মঙ্গলবার কারণ দর্শানোর নোটিস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। জানা যায়, গত সোমবার দুপুরে ঐ শিক্ষা কর্মকর্তার নির্দেশে রাসেল নামে এক ব্যবসায়ী ৫ বস্তা বই (২০০ কেজি) মীর্জাগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন ডাকবাংলো রোড দিয়ে পাচারের উদ্দেশ্যে ভ্যানযোগে নিয়ে যাচ্ছিল। এ সময়ে স্থানীয় জনতা ভ্যানসহ বইগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি সমুদয় বই জব্দ করেন। ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী উত্সব সমাপ্ত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী বৈশাখী উত্সব গত রবিবার স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। উপাধ্যক্ষ কে এম শিবলীর সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ এর কোম্পানী সচিব সন্জীব কুমার চক্রবর্তী, অধ্যাপক কৃপাল নারায়ণ চৌধুরী, জয়দেব বর্মণ, দীপক মজুমদার, সাজিদুল ইসলাম, জহিরুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী বৈশাখী উত্সবে গ্রামীণ, ক্ষুদ্র ও কুটির শিল্পের ২৪টি স্টল খোলা হয়। চৌমুহনী পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ চৌমুহনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আকতার হোসেন ফয়সল গতকাল বুধবার দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২২ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সভাকক্ষে শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্যা। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনে চৌমুহনী পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরণ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় (নোয়াখালী-৩ বেগমগঞ্জ) চৌমুহনী পৌরসভার মেয়র পদ শূন্য হয়। সে প্রেক্ষিতে ৫ এপ্রিল চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।