বিয়ানীবাজারে বিজিবির ওপর মাদক বিক্রেতাদের হামলা, আটক ৩

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪৮
বিয়ানীবাজারের সীমান্ত এলাকা গজুকাঁটায় গত মঙ্গলবার মাদক উদ্ধারে গিয়ে ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন বিজিবি সদস্যরা। এ ঘটনায় স্থানীয় দুবাগ ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে এলাকাবাসীর হামলায় দু’জন বিজিবি সদস্য আহত হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে বিজিবি সদস্যরা আহতদের নাম প্রকাশ করতে রাজি হননি। ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সরদার মোহাম্মদ রেজাউল হক জানান, আটক জাকির, আপ্তাব (স্থানীয় ইউপি সদস্য) এবং হানু মিয়া মাদক ব্যবসায়ী। তাদের আটক করতে গেলে বিজিবি সদস্যদের ওপর তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় মামলা করা হবে।