বাড্ডায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২২:০২
রাজধানীর বাড্ডা এলাকায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরুন্নবী (৩৪)। তাকে ভর্তি করা হয়েছে এ্যাপেলো হাসপাতালে। গতকাল ভোরে বাড্ডার আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে। নুরুন্নবী স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা। প্রত্যক্ষদশীরা জানায়, ভোর পাঁচটার দিকে নুরুন্নবী আনন্দনগরে গাড়ি থেকে পাথর নামানোর কাজ তদারকি করছিলেন। এ সময় তার প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার পিঠে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ঠিকাদারী ব্যবসা নিয়ে নিজ দলের কয়েকজনের সঙ্গে নুরুন্নবীর বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এ ঘটনার জের ধরে তাকে গুলি করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।