ভাণ্ডারিয়ায় ১২ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজে মামলা দায়ের

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৩২
জেলার ভান্ডরিয়ায় গত ১২ দিন ধরে মাহাবুব মুন্সী নামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ওই স্কুল ছাত্র ভান্ডারিয়ার মাটিভাংগা গ্রামের মো. ইউনুস মুন্সীর ছেলে। সে স্থানীয় মোসলেম মাটিভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পরিবারের দাবি, তাকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে অপহরণ করেছে। এ ঘটনায় নিখোঁজ মাহাবুবের মা মারুফা বেগম বাদি হয়ে গত মঙ্গলবার ৬ জনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনায় নিখোঁজ মাহাবুবের সহপাঠীরা তাকে উদ্ধারে দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করে। স্থানীয় মালিয়ারহাট বাজার সংলগ্ন সড়কে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধন শেষে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. আমানুল্লাহ বলে, তাকে উদ্ধার করে স্কুলে ফিরিয়ে আনতে আমরা মানববন্ধন করেছি। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল সকালে স্কুল ছাত্র মাহাবুব বাড়ি থেকে স্কুলে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজ মাহাবুবের মা মারুফা বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় প্রতিপক্ষ নজরুল ইসলাম বাবুল হালদারের সাথে ১০ কাঠা জমির মালিকানা নিয়ে আমাদের সাথে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে বাবুলের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল পথ থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। তবে মামলার প্রধান আসামি অভিযুক্ত নজরুল ইসলাম বাবুল সাংবাদিকদের বলেন, আমার সাথে নিখোঁজ মাহাবুবের পরিবারের সাথে জমি নিয়ে কোন বিরোধ নেই। প্রতিবেশী জাহাঙ্গীর হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ আছে। আমি মাঝে মাঝে এ বিরোধ সমাধানের চেষ্টা করেছি। আমাকে হয়রানি করতে এ মামলার আসামি করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার অফিসার উপ-পরিদর্শক মো. ফেরদাউস বলেন, স্কুল ছাত্রকে উদ্ধারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।