ভারতের কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর তনয়া প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, নারীদের ফোনে আড়িপাতে এমন রাজনীতিকদের প্রত্যাখান করা উচিত। তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর নাম প্রকাশ না করে বলেন, কিছু নেতা দরজার আড়ালে থেকে নারীদের ফোনালাপ রেকর্ড করেন। এরা নারীদের অগ্রগতির জন্য বাধাস্বরূপ। গতকাল উত্তরপ্রদেশে মায়ের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এক সমাবেশে প্রিয়াঙ্কা এসব কথা বলেন। খবর এনডিটিভি’র।
অভিযোগ আছে, ২০০৯ সালে নরেন্দ্র মোদীর ডানহাত অমিত শাহ যুবতী মেয়েদের ফোন রেকর্ড করেন। মোদীর অনুরোধেই তিনি এই কাজটি করেন বলে জানা যায়। এই কেলেঙ্কারি ‘স্নুপগেট’ নামে পরিচিত। উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনিয়া গান্ধী। সমাবেশে প্রিয়াঙ্কা বলেন, যারা নারীদের ফোনে আড়িপাতেন তারা কিভাবে নারীদের ক্ষমতায়ন করবেন। এসব নেতাদের ছুঁড়ে ফেলে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্কা। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, নেতারা আপনাদের মা, বোন এবং মেয়ে বলে ডাকে। কিন্তু এটাই কি একমাত্র আমাদের পরিচয়? আপনাদের নিজস্ব কোনো পরিচয় নেই। তাই এমন একজনকে ক্ষমতায় আনতে হবে যে আপনাদের প্রতি দায়িত্বশীল হবে।
