সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির স্বামীকে হাইকোর্টে তলব

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৩৯
উচ্চ আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দেয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করা হয়েছে। যাদের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ। এইচএসসির তিনটি বিষয়ে নৈর্ব্যক্তিক, সৃজনশীল ও ব্যবহারিকে আলাদাভাবে পাসের বিধান অবৈধ ঘোষণা করে দেয়া ওই রায়ের ভুল ব্যাখ্যা দেয়ার অভিযোগ আনা হয় দুই আইনজীবীর বিরুদ্ধে। অন্য আইনজীবী হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এসএম মুনীর। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। সহকারি অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আদালত এই দুজনকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আরো দুজনের বিরুদ্ধে রুল দিয়েছে। তবে অভিযোগকারীদের আইনজীবী শাহ মোহাম্মদ আহসানুর রহমান বলেন, আদালত মোট চারজনকে তলব করেছে। বাকি দুজন হলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক। আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আদালতে অভিযোগকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। গত ২৯ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে এইচএসসির পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়নে নৈর্ব্যত্তিক, সৃজনশীল ও ব্যবহারিকে আলাদাভাবে পাসের বিধানকে অবৈধ ঘোষণা করে।