রানার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য দুদকে

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৪০
বহুল আলোচিত সাভারের রানা প্লাজার অনুসন্ধান কাজ প্রায় শেষ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধানে রানা প্লাজার মালিক সোহেল রানার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। শিগগিরই দুর্নীতি দমন কমিশন ও সিআইডি সমন্বয় করে প্রতিবেদন দেবে। এ প্রতিবেদনের পর পরই দুদক রানার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে বলে দুদক সূত্র জানিয়েছে। উল্লেখ্য, রানা প্লাজা ধসের পর সোহেল রানার বিরুদ্ধে মোট দুটি মামলা হয়। নিহত এবং আহতের মামলায় রানার বিরুদ্ধে হত্যার অভিযোগে চার্জশিট দেয়া হয়েছে। সম্পত্তি নিয়ে দুদক-এর এ মামলাটি হবে তৃতীয় মামলা। দুদক সূত্র জানায়, রানার প্রকাশ্য বৈধ সম্পদের চেয়ে নামে-বেনামে অবৈধ সম্পদের পরিমাণই বেশি। রানা প্লাজা ছাড়াও সাভার শহরে রানার আরো একটি বাড়ি, দুটি তেল কল, সাভারের বাইরে দুটি ইটভাটা, সাভারে দুটি প্লট এবং ব্যাংকে বিপুল পরিমাণ টাকার খোঁজ পাওয়া গেছে। তার বেনামে বেশ কয়েকটি অংশীদারি ব্যবসা রয়েছে। এছাড়া রানা প্লাজা ও রানা টাওয়ারের মালিকানা যথাক্রমে ১৮ এবং ১৪ ভাগ দেখানো হলেও, বাস্তবে বাকি শেয়ারও রানার। তিনি বেনামে এসব শেয়ার তার দখলে রেখেছেন। দুদক জানতে পেরেছে রানার এই বিপুল পরিমাণ টাকা সাভারে কয়েকজন প্রভাবশালীর কাছে রয়েছে। তারা রানার পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। তাছাড়া বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টেও রানার টাকা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে দুদক সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী বলেন, রানার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। তিনি বলেন, ‘রানা প্লাজা নিয়ে দুটি সংস্থা তদন্ত করছে। এদিকে আদালতের নির্দেশে রানার কিছু সম্পদ অবশ্য বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই।