‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেকে করো জয়’—এ স্লোগানে যশোরে আজ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। সম্মেলনে সারাদেশের প্রায় ৩০০টি নাট্যদলের প্রতিনিধি যোগদান করবেন। ঢাকার বাইরে এ নিয়ে তৃতীয়বারের মতো জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র মারুফুল ইসলাম, সম্মিলিতি সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি হারুন অর রশিদ। স্বাগত বক্তব্য রাখবেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক সৈয়দ দুলাল ও সম্মেলন ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক সানোয়ার আলম খান দুলু। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।
