পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২০:৫৬
গতকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৭২০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৭৩ কোটি ৬০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২৬ কোটি ২৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের। এদিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের কাছে প্যারামাউন্ট টেক্সটাইলের ২০ কোটি ৯২ লাখ টাকার ঋণ সমন্বয়ের তথ্য চেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী সাত কার্যদিবসের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংককে ঋণ সমন্বয়ের তথ্য সরবরাহের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর প্যারামাউন্ট টেক্সটাইলের দাখিলকৃত প্রতিবেদন থেকে দেখা গেছে- প্যারামাউন্ট স্পিনিং লিমিটেডের অনূকুলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের গুলশান-১ শাখায় ২০ কোটি ৯২ লাখ টাকার ঋণ সমন্বয় করা হয়েছে। পরবর্তী সময়ে ১৯ ডিসেম্বর কোম্পানির দাখিলকৃত প্রতিবেদনে ওই ২০ কোটি ৯২ লাখ টাকা প্যারামাউন্ট টেক্সটাইলের অনূকুলে ঋণ পরিশোধ করা হয়েছে বলে দাবি করা হয়। জানা গেছে, গত ৮ এপ্রিল পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে ঋণ সমন্বয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। গঠিত কমিটি ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। গঠিত কমিটির সদস্যরা হলেন- ফকরুল ইসলাম মজুমদার ও মোহাম্মদ নজরুল ইসলাম। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ২০ কোটি ৯২ লাখ টাকা ঋণ প্যারামাউন্ট টেক্সটাইলের নামে ছিল কি না এবং ওই ঋণ প্যারামাউন্ট টেক্সটাইলের অনুকূলে ঋণ সমন্বয় করা হয়েছিল কি না তা জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় বিএসইসি।