ঢাকা শহরের পানীয় জলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভূ-উপরিস্থ সুপেয় পানি সঞ্চালনার জন্য ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে ১ কোটি ১০ লাখ নাগরিক উপকৃত হবে। এ বিষয়ে সরকার ও এডিবি’র মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। শেরেবাংলা নগরস্থ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডির) সম্মেলন কক্ষে সরকারের পক্ষে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন ও এডিবির আবাসিক প্রতিনিধি কাজোহিকো হিগুচি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় জানানো হয়, এর মাধ্যমে মেঘনা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি আড়াইহাজারের বিশ্বনন্দী ও রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পরিশোধন করা হবে। এ জন্য বিশ্বনন্দীতে ২ হাজার এমএলডি পানি সংগ্রহের আনুসঙ্গিক ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া গন্ধর্বপুরে ঢাকা ওয়াসার নিজস্ব ভূমিতে প্রাথমিকভাবে ৫০০ এমএলডি ও পরবর্তীতে আরো ৫০০ এমএলডি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হবে। এ পানি সঞ্চালন লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে ঢাকার বাড্ডা, গুলশান, মিরপুর এবং উত্তরায়। ২০১৯ সালে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে বাস্তবায়নকারি সংস্থা ঢাকা ওয়াসা। এতে মোট ব্যয় হবে ৬৭ কোটি ৪৯ লাখ ডলার। এডিবি’র ২৫ কোটি ডলার ঋণের ওপর ২ শতাংশ হারে সুদ দিতে হবে। এ ঋণ ৫ বছর রেয়াতি কালসহ মোট ২৫ বছরে পরিশোধ করতে হবে। এডিবি ছাড়াও এ প্রকল্পে ১০ কোটি ডলার করে ঋণ দিবে ফ্রান্স উন্নয়ন সংস্থা (এএফডি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইএবি)।
