ঐকমত্যের পথে হামাস-ফাতাহ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:১০
ফিলিস্তিনের দু’টি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল মিলে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের উদ্দেশ্যে সম্প্রীতি চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সাত বছর ধরে চলা অনৈক্যের অবসান ঘটিয়ে রাজনৈতিক দলের নেতারা গাজায় বৈঠক শেষে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে সরকার গঠন করা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। বুধবারের বৈঠক শেষে ফাতাহ ও হামাসের নেতারা ঘোষণা দেন ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) অধীনে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। আগামী ছয় মাসের মধ্যে সাধারণ নির্বাচন সম্পন্ন করারও ঘোষণা দেন উভয় দলের নেতারা। সংবাদ সম্মেলনে উভয় দলের নেতারা বলেন, অতীতের বিভাজনের কারণে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনে ফিলিস্তিনিদের যে স্বপ্ন ছিলো তা দীর্ঘায়িত হয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়ে বলেন, বিভক্তির দিন শেষ হচ্ছে। এটা জনগণের জন্য সুসংবাদ। ফাতাহ প্রতিনিধি দলের প্রধান আজ্জাম আল আহমেদ নতুন করে শুরু হওয়া সমপ্রীতির চুক্তির মধ্যদিয়ে উভয় দল রাজনৈতিক, সামাজিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। ২০০৭ সালে হামাস এবং ফাতাহ রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যদিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে দুই দলের সমপ্রীতির উদ্যোগ এটিই প্রথম নয়। কিন্তু দুই পক্ষের মধ্যকার ঐক্য চুক্তি এ পর্যন্ত কখনোই বাস্তবায়িত হয়নি। বিচ্ছিন্ন হওয়ার পর থেকে হামাস স্বতন্ত্রভাবে গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে।