ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কামার বাড়িতে গত বুধবার রাতে ডিবি পরিচয়ে জনৈক প্রবাসীর নগদ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্ট ও টিকিট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত হয় প্রবাসী শফিকুল ইসলাম ও তার স্ত্রী রনি বেগম এবং ছোট ভাই জহিরুল ইসলাম। তাদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মালিগ্রাম বাসষ্ট্যান্ড হতে ছিনতাই কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস আটক করে। এসময় সেখান থেকে পুলিশ এক ভুয়া ডিবি মহিলা পুলিশসহ ২ ছিনতাইকারীকে আটক করে। বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘন্টাব্যাপী পুলিশের অভিযানে ১ ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধকে প্রথমে ভাঙ্গা পরে ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে ডিবি পরিচয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ ও সিরাজুম মনিরাসহ বেশ কয়েকজন একটি মাইক্রোবাসে করে প্রবাসীর প্রাইভেটকারটির গতিরোধ করে। গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে সমস্ত মালামাল ওদের মাইক্রোতে নিতে থাকে। প্রবাসীরা এসময় বাধা দিলে তাদেরকে অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা থানা ও সদরপুর থানার পুলিশ রাস্তায় টহল বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।
