না’গঞ্জে সিটি কাউন্সিলরের তুলার কারখানার ম্যানেজার খুন

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৩৫
নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের একজন কাউন্সিলরের তুলার কারখানার ম্যানেজার কাশেম মিয়ার (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, বুধবার দিনগত রাতে দুর্বৃত্তরা তাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ধামগড় পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামের তুলার কারখানা থেকে কাশেমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কাশেম কাউন্সিলর সিরাজুল ইসলামের মালিকানাধীন তুলার কারখানা সিরাজ এন্টারপ্রাইজে ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। তিনি সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের মারবদী এলাকার মৃত আবদুল খালেকের ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।