মিডফিল্ডার আদনান জানুজাজ বেলজিয়ামের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেও তার এজেন্ট জানিয়েছেন তাকে বিশ্বকাপে খেলানো হবে এমন কোন নিশ্চয়তা নেই।
আদনান জানুজাজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেকেই দুই গোল করে সাড়া জাগালেও কোন দেশের হয়ে খেলবেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। কেননা তার একাধিক দেশের হয়ে খেলার সুযোগ ছিল। বেলজিয়ামে জন্মানো ও আলবেনীয় বংশোদ্ভূত এই খেলোয়াড়টি তার অভিভাবকদের একজনের জন্মসূত্রে এমনকি ক্রোয়েশিয়ার হয়েও খেলতে পারতেন। আবার ইংল্যান্ডের হয়ে খেলতে পারতেন যদি দেশটিতে তার অবস্থানের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হতো।
বেলজিয়ামের সাবেক ফুটবলার ও বর্তমানে সেদেশের জাতীয় দলের কোচ মার্ক উইলমট বিশ্বকাপ বাছাইয়ের সময় ক্রোয়েশিয়া ও ওয়েলশের বিরুদ্ধে তাকে মূল দলে রেখেছিলেন। কিন্তু অ্যান্ডারলেখট থেকে ম্যানচেস্টারে আসা খেলোয়াড়টি সেসময় বেলজিয় দলের হয়ে খেলতে অসম্মতি জানান। এখন উইলমট জানাচ্ছেন আদনানকে দল নির্বাচনে বিবেচনায় রাখছেন তিনি।
তার এজেন্ট ডিক ডে ভ্রিয়েসে বেলজিয়ামের গণমাধ্যমকে বলেন, ‘আদনান সিদ্ধান্তটি নেয়ার আগে উইলমটসের সাথে কথা বলেননি। সে বিশ্বকাপ দলে জায়গা পাবে এমন নিশ্চয়তাও নেই। সে শুধু কোচকে জানিয়ে রেখেছে যে তাকে দল নির্বাচনে বিবেচনার জন্য পাওয়া যাবে।’ তিনি আরো বলেন, ‘আদনানের ভাবনা হলো প্রথমে ম্যানচেস্টার ইউনাইটেড দলে জায়গা পাওয়া, এরপর বেলজিয়াম হলো সবচাইতে যুক্তিসঙ্গত পছন্দ। সে জন্মেছে ব্রাসেলসে, পড়াশুনা করেছে এখানে। তার বন্ধু বান্ধবও বেলজিয়ামে এবং এমনকি ফেল্লানি ও লুকাকুর মতো খেলোয়াড়দের সাথে একই গ্রুপের সদস্য সে। তবে তারা তাকে এ সিদ্ধান্তে অনুপ্রাণিত করেনি।’ মেইলঅনলাইন।
