রুশপন্থিদের দমনে কমান্ডো পাঠাচ্ছে ইউক্রেন সরকার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:১৭
ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদিদের দমনে কমাণ্ডো পাঠাচ্ছে দেশটির সরকার। এর আগে সেনাবাহিনী সাঁজোয়া যান ও হেলিকপ্টারে সজ্জিত হয়ে গতকাল সেখানে যায়। তারা স্লাভিয়ানস্কে সশস্ত্র হামলা শুরু করেছে। শহরের প্রবেশ পথে অবস্থান নিতে সশস্ত্র ব্যক্তিদের বহনকারী বেশ কয়েকটি সাঁজোয়া যান বিদ্রোহীদের পরিত্যক্ত একটি জ্বলন্ত সড়ক প্রতিবন্ধক অতিক্রম করে। একটি হেলিকপ্টার উড়ে যাবার সময় গুলির আওয়াজ শোনা যায়। শহরের মস্কোপন্থি বন্দুকধারীরা আত্মরক্ষামূলক অবস্থান নিয়েছে। গতকালের অভিযানে ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। বিচ্ছিন্নতাবাদীদের নারী মুখপাত্র স্তেলা খোরোসেভা জানান, সকল বেসামরিক ব্যক্তিকে বিদ্রোহীদের দখলকৃত টাউন হলের বাইরে চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘টাউন হল রক্ষায় নিয়োজিত সশস্ত্র ব্যক্তিরাই শুধু এখানে থেকে যাবেন।’ তবে এই অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন সরকার যদি এই অভিযান বন্ধ না করে তবে ভয়াবহ পরিণতি হবে। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা সেখানে কয়েকটি সরকারি ভবন দখল করে রেখেছে। কয়েকবার অভিযান চালিয়েও ভবনগুলো তাদের দখলমুক্ত করতে না পেরে কমান্ডো অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। অভিযানের খবর প্রকাশ হবার পর গতকাল একটি রুশ টিভিতে পুতিন বলেন, নিজ দেশের জনগণের বিরুদ্ধে ইউক্রেন সরকার সেনা অভিযান পরিচালনা করছে। এটা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। এই ধরনের অভিযান আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের জন্য শুভ নয়। এতে পরিণতি হবে ভয়াবহ।