অনুষদের প্রবেশপথে রক্ত ঢেলে বাকৃবির শিক্ষার্থীদের প্রতিবাদ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:১৮
শর্ত ভেঙ্গে পরীক্ষা গ্রহণের প্রতিবাদে ও সায়াদ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার আবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে শরীরের তাজা রক্ত ঢেলে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। জানা যায়, গত মঙ্গলবার রাতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক সমিতি ও ডিন কাউন্সিলের সঙ্গে সমঝোতায় অনির্দিষ্টকাল পরীক্ষা বন্ধ রাখার শর্তে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু বুধবার শর্ত ভঙ্গ করে কয়েকটি অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ও আন্দোলনকারীদের বিভিন্ন ধরনের হুমকি দেয়ায় গতকাল সকাল ১০টায় আবারও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে প্রশাসন ভবনের প্রধান ফটকে জমায়েত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদের প্রবেশ পথে নিজেদের শরীরের তাজা রক্ত ঢেলে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা বর্জন করার পরও বিভিন্ন অনুষদে পরীক্ষা হয়েছে। তাই আমরা অনুষদগুলোতে সায়াদের প্রতীকী রক্ত ছিটিয়েছি। কেউ ক্লাস করতে চাইলে এবং কোন শিক্ষক ক্লাস নিতে চাইলে সায়াদের রক্তের ওপর দিয়ে ক্লাসে যেতে হবে। এছাড়া আমরা সায়াদ হত্যার ঘটনায় গঠিত সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ ও সব খুনিদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। এ বিষয়ে সম্পূরক তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এটিএম জিয়াউদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদন যত দ্রুত সম্ভব প্রকাশ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। শর্ত ভঙ্গ করে পরীক্ষা নেয়ার বিষয়ে ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ বলেন, ডিন কাউন্সিলের সভায় কিছু দিনের জন্য পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী সকল অনুষদে চিঠি পাঠানো হয়েছে। তারপর কোথাও পরীক্ষা হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে ক্লাস-পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ চার দফা দাবিতে ভিসিকে স্মারকলিপি প্রদান করেছে বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতির নেতারা।