নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:১৮
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাকির হোসেনকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। গত মঙ্গলবার রাতে তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের চতুর্থ ব্যাচের ছাত্র জাকির হোসেনকে মঙ্গলবার দুপুরে ক্লাসরুম থেকে ধরে নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী সজিব, মৃণাল, আদিত্য ও নয়ন বিজ্ঞান ভবনের সামনে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পেটায়। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা রড দিয়ে তার মাথায় আঘাত করে এবং বাম পায়ের হাঁটু ভেঙ্গে দেয়। পরে তাকে ধরে নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন সড়কে নিয়ে দ্বিতীয় দফা পেটায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরাই তাকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু ভর্তির খাতায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে উল্লেখ করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হল ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদ খান। খবর পেয়ে মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখতে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহিত উল আলম। এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ আমার কাছে কোন অভিযোগ করেনি।