চট্টগ্রামের বহদ্দারহাটের বহুল আলোচিত ‘এইট মার্ডার’ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামিকে খালাস সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর গতকাল বৃহস্পতিবার কোন আদেশ দেয়নি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
গত ১৭ এপ্রিল বিচারপতি মো. আব্দুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেব নাথের ডিভিশন বেঞ্চ এক রায়ে এই মামলার ফাঁসির চার আসামি সাজ্জাদ হোসেন খান ওরফে সাজ্জাদ, আলমগীর কবির ওরফে মানিক, আজম ও মো. সোলায়মানকে বেকসুর খালাস দেন। এই রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গতকাল শুনানি শেষে চেম্বার বিচারপতি আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন।
আবেদনের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী ও মো. মনিরুজ্জামান রুবেল এবং আসামিপক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট মিজানুর রহমান শুনানি করেন। রায় স্থগিত না হওয়ায় আসামিদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আদেশের পর মনিরুজ্জামান রুবেল বলেন, পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পেলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করা হবে।
২০০০ সালের ১২ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলনে যোগ দেয়ার উদ্দেশে মাইক্রোবাসে করে যাওয়ার পথে শিবিরের নেতা-কর্মীরা ওই গাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে বলে অভিযোগ রয়েছে। এতে ছাত্রলীগের ১১ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন। পরে ৮ জন মারা যান। এ ঘটনায় থানায় মামলা করা হয়। এই মামলায় চট্টগ্রামের অতিরিক্ত দায়রা জজ ২০০৮ সালে ৪ জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় দেন। এছাড়া রায়ে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
