ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ১১টি রাজ্যে ১১৭ আসনে গতকাল বৃহস্পতিবার ভোটগ্রহণ হয়েছে। বেশিরভাগ রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। তবে আসামে ভোটের দিনে একজন পুলিশ নিহত হয়েছেন বলে জানা গেছে। লোকসভা ভোট উত্সবের ষষ্ঠ পর্বে গতকাল সবচে বেশি সাড়া ছিল পশ্চিমবঙ্গে। এই রাজ্যে প্রায় ৮০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। ৭৭ শতাংশের কাছাকাছি ভোটার উপস্থিতি নিয়ে এর পরের অবস্থানে ছিল আসাম। তামিল নাড়ুতে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৭৩ শতাংশ। তবে অনেক প্রচারণা সত্ত্বেও এবারো মুম্বাই ছিল নিষ্প্রভ, মাত্র ৫৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবার। অন্যান্য প্রদেশগুলোতে ৬০ শতাংশের কাছাকাছি ভোট পড়ে। তবে পশ্চিমবঙ্গে কিছু আসনে বুথে বোমাবাজি এবং সংঘর্ষের খবর পাওয়া যায়।
ষষ্ঠ পর্বে প্রায় ১৮ কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ২০৭৬ জন প্রার্থীর। প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তার স্ত্রী আসামের গৌহাঠিতে ভোট দেন। গতকাল পশ্চিমবঙ্গের ৬টি আসনের ১৪টি, বিহারের ৪০টি, ছত্তিশগড়ের ১১ টি, ঝাড়খণ্ডের ১৪টি, উত্তর প্রদেশের ৮০টি, মধ্য প্রদেশের ২৯টি, রাজস্থানের ২৫টি, মহারাষ্ট্রের ৪৮টি, তামিলনাডুর ৩৯টি, জম্মু-কাশ্মীরের ৬টি এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরির একটি আসনে ভোটগ্রহণ হয়। ভাগ্য পরীক্ষার তালিকায় আছেন বেশ কিছু হেভিওয়েট প্রার্থীও। এদের মধ্যে রয়েছেন বিজেপির সুষমা স্বরাজ, সমাজবাদী দলের মুলায়ম সিং যাদব, কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সালমান খুরশিদ, কংগ্রেসের মোহাম্মদ আজহারউদ্দিন ও হেমা মালিনী।
গত ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় চারটি আসনে নির্বাচন। আসনগুলো হলো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার। গতকাল নির্বাচন হয়, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই ছয়টি আসনে। সব আসনেই তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপির প্রার্থী রয়েছেন। মোট প্রার্থী ৭৮ জন।
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও তাঁর স্ত্রী লোকসভা নির্বাচনে গৌহাটি আসনে দিসপুর সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাদের ভোট প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমে কথা বলার সময় মনমোহন এ নির্বাচনে ভোট দিতে দেশের সকল নাগরিকের প্রতি আহবান জানান। কংগ্রেস ক্ষমতা হারাচ্ছে এমন কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আগামী ১৬ মে যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তখন সবকিছু পরিস্কার হয়ে যাবে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ নির্বাচনেও কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে। তিনি বলেন, মোদী ঝড় কেবলমাত্র মিডিয়ার সৃষ্টি। উল্লেখ্য, নয় পর্বের লোকসভা নির্বাচনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। ১৬ মে ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে।
