ভারতের চলমান লোকসভা নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মুম্বাইতেও ভোটগ্রহণ হয়। তবে মুম্বাইয়ে মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউডের তারকারা। মুম্বাই বাদেও বলিউড তারকাদের অনেকে তাদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেন। তারা ভোট দিয়ে বাইরে এসে মিডিয়ার সামনে সগর্বে অমোচনীয় কালি মাখা আঙুল প্রদর্শন করেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, সুপারস্টার রজনীকান্ত থেকে শুরু করে সস্ত্রীক আমির খান, সানি দেওল, রেখা, সোনম কাপুরের মতো তারকারা ভোটকেন্দ্রে যান। পরিবারের সঙ্গে সকালেই ভোট দিতে যান অভিনেত্রী বিদ্যা বালান। তিনি ভোট দিয়ে বেরিয়ে তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, ‘ভোট দেয়া গণতান্ত্রিক অধিকার, তাই হাজারো ব্যস্ততা থাকলেও গুরুত্বপূর্ণ এই কাজের জন্য সময় বের করতে কারো সমস্যা হওয়া উচিত নয়।’ বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন তার স্ত্রী জয়া, ছেলে অভিষেক ও পুত্রবধু ঐশ্বরিয়া রাইবচ্চনকে নিয়ে যান ভোটকেন্দ্রে। ভোট দিয়ে মিডিয়াতে ছবির জন্য পোজও দেন তারা সবাই।
ভোট দিয়ে বেরিয়ে স্ত্রী কিরণ রাওকে পাশে নিয়ে আমির খান বলেন, একজন ভারতীয় হিসেবে ভোট দেয়া আমার কর্তব্য। তাই ব্যস্ততার অজুহাতে ভোট নষ্ট করিনি।
বলিউড তারকাদের যারা ইচ্ছা করলেই সামনাসামনি দেখার সুযোগ পান না তাদের জন্য গতকালের দিনটা ছিল অন্যরকম। এদিন সাদামাটাভাবেই তারকারা সবার সামনে আসেন। তারা তারকাসুলভ মনোভাব দেখাননি। সাধারণ ভোটারদের মতোই সব নিয়মকানুন মেনে ভোট দিয়েছেন। তবে তারকাখ্যাতির কারণে অনেক সময় ভক্তদের হাতে নাজেহাল হতে হয়। তাই তারকাদের বেশিরভাগ ভোটকেন্দ্রে গিয়েছিলেন বেশ সকালে। এর ফলে তারা ভক্তদের হুঁড়োহুড়ি এবং লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে রেহাই পান।
