মোদীর নেতৃত্বে বিজেপি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে: রাহুল

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:২৮
ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির আদর্শ এক ‘ ভয়ঙ্কর রূপ’ লাভ করেছে। ফলে চলমান নির্বাচন কিছুটা শালীনতা হারিয়েছে যা জাতীয় দলগুলোর মধ্যে ঐতিহাসিকভাবে বিরাজমান ছিল। রাহুল গান্ধী ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেছেন। রাহুল তার ব্যক্তিত্ব ও রাজনৈতিক আদর্শকে মোদীর তুলনায় চরিত্রগতভাবে এবং মৌলিকভাবে আলাদা করে তুলে ধরে বলেন, মোদীর নেতৃত্বে বিজেপি ‘ঔদ্ধত্য, আক্রোশ ও বিভাজনের রাজনীতি’ করছে। মোদী প্রায়শই রাহুল গান্ধীকে শেহজাদা (রাজপুত্র) বলে বিদ্রুপ করে থাকেন। এর জবাবে রাহুল বলেন, ‘মোদীজি আমাকে যা বলতে চান, আমার দিকে যেসব কটুকথা ছুঁড়ে দিতে চান তার সঙ্গে আমার সম্পর্ক নাই। ওসবের সঙ্গে তারই সম্পর্ক রয়েছে। তিনি আমাকে যেসব উপহার দিতে চাচ্ছেন আমি তার কোনোটি গ্রহণ করার কোনো প্রয়োজন দেখছি না। তিনি তা নিজের কাছেই রেখে দিতে পারেন।’ মোদীর বিদ্রুপ তাকে রাগান্বিত করে না বলে মন্তব্য করেন। রাহুল বিজেপির বিরুদ্ধে একটি কঠোর সামপ্রদায়িক ও কেন্দ্রীকরণ প্রবণতা লালন করার অভিযোগ করে বলেন, ‘এটি গরীব ও সুবিধাবঞ্চিত মানুষদের কঠোর পরিশ্রমের মাধ্যমে উঠে দাঁড়ানো অসম্ভব’ করে তুলবে। তিনি বলেন, ‘মনে হচ্ছে তাদের চিন্তা-ধারায় সহিষ্ণুতার স্থান খুবই কম।’ নিজের প্রধানমন্ত্রী হওয়ার প্রত্যাশা প্রসঙ্গে রাহুল বলেন, রাজনীতির প্রতি অনুরাগ কোনো নির্দিষ্ট পদের ঊর্ধ্বে। তবে প্রয়োজন দেখা দিলে তিনি পিছপা হবেন না। রাহুল বলেন, ‘যদি এই উচ্চাশা (সাধারণ নাগরিকদের কণ্ঠস্বর তুলে ধরা) অর্জনের জন্য আমার কোনো পদ গ্রহণের প্রয়োজন দেখা দেয় তাহলে আমি পিছপা হবো না। মোদী বিকেন্দ্রীকরণ এবং গরীবদের ক্ষমতায়নের কথাও বলছেন -এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে রাহুল বলেন, ‘মোদীর যদি এখন এসবে বিশ্বাস হয় তাহলে আমি আমাদের নিজেদের প্রচারণাকে অভিনন্দন জানাবো। নিশ্চয় লড়াইয়ে আমরাই জিতবো।’