তিন দিন ধরে টেকনাফ স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:৩০
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে গত তিন দিন ধরে পণ্য খালাসের কাজ বন্ধ রয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে ব্যবসায়ী সংগঠনের বৈঠক অনুষ্ঠিত হলেও কোন ধরনের সুরহা হয়নি। ৪২ বিজিবি সদস্যরা গত সোমবার রাতে টেকনাফ স্থলবন্দরে দুই ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে মামলা দায়ে করায় স্থানীয় ব্যবসায়ী, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে ওই রাতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের মুক্তি না দেয়া পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার কমসূচী দেয়া হয়। পরদিন থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সকল ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ-মিয়ানমার দ্বিপক্ষীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অব বর্ডার ট্রেডের সভাপতি মো. আবুল হোসেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে ভারপ্রাপ্ত সভাপতি দিদার হোসেন, আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকউল্লাহ, ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।