গাজীপুরের সাবেক ডিসির ১ মাস জেল

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:৩০
আদালতের আদেশ অমান্য করে কয়েকটি পরিবারকে উচ্ছেদ করার অভিযোগে গাজীপুরের সাবেক ডিসি সৈয়দ মিজানুর রহমানকে ১ মাসের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। মিজানুর বর্তমান লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (প্রশাসন) পদে কর্মরত রয়েছেন। এদিকে একই অপরাধে হাইকোর্ট মিজানুর রহমান ছাড়াও ভাওয়াল রাজ এ্যাস্টেট কোর্ট অব ওয়ার্ডসের সাবেক ম্যানেজার আবদুর রউফকে ১৫ দিনের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা, ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, ভাওয়াল রাজ কোর্ট অব ওয়ার্ডসের সহকারী ম্যানেজার সাব্বির হোসেনকে ৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় গাজীপুরের সাবেক এসপি আলমগীর আলম, জয়দেবপুর থানার সাবেক ওসি মিজানুর রহমান, গাজীপুরের তত্কালীন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজালাল ও আনসার এ্যাডজুডেন্ট পবিত্র কুমার সাহাকে অব্যাহতি দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, মামলায় উচ্চ আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। এই মামলায় ওই ব্যক্তি দণ্ডিত হয়েছেন। দণ্ডিত ব্যাক্তিকে আত্মসমর্পণ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে হবে। আর আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হলে চাকরি থেকে সাসপেন্ড হবেন সাবেক ডিসি।