ঈদে তিন নায়কের লড়াই

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ১৮:৩৮
ঈদ উপলক্ষে এরই মধ্যে ছবি মুক্তি নিয়ে বেশ তোড়জোড় শুরু হয়েছে। সাধারণত ঈদের এই সময়টাতে বড় বাজেটের ছবিগুলোই মুক্তি দেওয়া হয়। তবে এবারে সময়ের তিন জনপ্রিয় অভিনেতার বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। এম এ জলিল অনন্ত পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম টু’-এর সিক্যুয়েল ছবির কাজ প্রায় শেষ পর্যায়ে। ছবিটি মুক্তি দেওয়া হবে এবারের ঈদে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অনন্ত-বর্ষা। রেকর্ড বাজেটের এই ছবি প্রসঙ্গে অনন্ত বলেন, ‘এই ছবিটির মতো এত ব্যয়বহুল ছবি হয়তো আমার আর করা হবে না। এই ছবিতে আমি নিজেই আমার রেকর্ড ভেঙেছি। আর ঈদে মুক্তির বিষয়টিও নির্ভর করে বাজেটের ওপরেই। কারণ বড় বাজেটের ছবির ডিস্ট্রিবিউশন ভালো না হলে ছবিটি রিলিজ দিয়ে কী লাভ। আমার ছবিগুলো এর আগেও রেকর্ড সংখ্যক হলে মুক্তি দেওয়া হয়েছে। এই ছবিটিও ব্যতিক্রম হবে না।’ উল্লেখ্য এর আগে ছবিটির গানগুলো একটি সেল ফোন কোম্পানির মাধ্যমে বাজারে রিলিজ দেওয়া হবে বলে জানান ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস। একই সাথে নিজের সবটুকু ঢেলে প্রযোজক হিসেবে প্রথম ছবি ‘হিরো :দ্য সুপারস্টার’ ছবিটিও আসছে এবারের ঈদে। মৌখিকভাবে এইরকম চূড়ান্ত হওয়া ছবি নিয়েও শাকিব দারুণ আশাবাদী। শাকিবের মতে, ‘এই ছবিতে শুধু প্রযোজক বলেই নিজের ইচ্ছেমতো ছবিটি সাজাতে পেরেছি। তাই দর্শকেরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ছবিটি উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। চেষ্টা করেছি সেট, লোকেশন, গান সবকিছুতেই বৈচিত্র্য আনতে। আর প্রকৃত অর্থেই ডিজিটাল ছবিই নির্মাণ করছি এই ছবির মাধ্যমে। ঈদে ছবি মুক্তির বিষয়টি আসলে অবধারিত। কারণ এই সময়টা দর্শক বলেন আর প্রচার বলেন যতটা রেসপন্স পাওয়া যায়, অন্য সময়ে তা থাকে না। এত বড় বাজেটের লগ্নি উঠে আসারও একটা ব্যাপার রয়েছে। সবমিলিয়ে ঈদে বেশ কিছু ভালো ছবি একসাথে রিলিজ হলে বাংলা চলচ্চিত্রের জন্যই লাভ। কারণ বিভিন্ন শ্রেনীর দর্শকেরা এই সময়টাতে হলমুখী হয়। সেক্ষেত্রে ভালো কিছু ছবি দেখে নতুন প্রজন্মের দর্শকেরা মুগ্ধ হলেই সামগ্রিকভাবে আমাদের জন্য লাভ হবে।’ এদিকে একই সমান্তরালে মুক্তির মিছিলে রয়েছে জ্যাজ মাল্টি মিডিয়ার নতুন ছবি ‘হানিমুন’। সাফি উদ্দিন পরিচালিত এই ছবিটির মূল পাত্র-পাত্রী বাপ্পী-মাহী। ‘অগ্নি’র সেমি-সাফল্য এবং প্রযোজনা সংস্থাটির ধারাবাহিক পদচারণায় ঈদের এই ছবিটি নিয়ে তাদের আশাবাদ অনেকটা। তরুণ অভিনেতা বাপ্পী শাকিব-অনন্তর সাথে লড়াই করে কতটা উের যায় সেটিই এখানে দেখার বিষয়। তবে ছবির গল্প ও নির্মাণশৈলীর ওপরে এখন অনেকখানি নির্ভর করছে। ছবির সাফল্যের সবচেয়ে বড় লাভের অংশ পকেটে আসে নায়কদেরই। তা অর্থে হোক, ইমেজ বা খ্যাতির অংকেই হোক। এখন দেখা যাক, সেই লাভের অংকেই কে এগিয়ে থাকেন।