ইউক্রেনে সহিংসতা উস্কে দিচ্ছে রাশিয়া :যুক্তরাষ্ট্র

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২০:২৭
ইউক্রেনের পূর্বাঞ্চলে সহিংসতা তৈরি ও এই সংকটকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, গোয়েন্দারা নিশ্চিত যে ইউক্রেনে স্থানীয় জঙ্গিদের সমন্বয় এবং তাদের আর্থিক সহায়তা ও অস্ত্রশস্ত্রের যোগান দিচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাশিয়া এর আগে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায় তারা যেন ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ থেকে কিয়েভকে বিরত রাখে। ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কিয়েভ সরকার সামরিক অভিযান শুরু করার পর দেশটির সংকট উত্তরণে ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া একে অপরকে দায়ী করছে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার সমালোচনা করে বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে উত্তেজনা বৃদ্ধির জন্য মস্কোই দায়ী। ইউক্রেন সংকট নিরসনে এই মাসের শুরুতে জেনেভায় যে চুক্তি হয়েছিল মস্কো তা লংঘন করেছে বলেও অভিযোগ করেছেন কেরি। তিনি বলেন, এভাবে রাশিয়া যদি তাদের কর্মতত্পরতা চালিয়ে যায়, তাহলে তা হবে তাদের জন্য বিরাট ভুলের সামিল।