পদোন্নতি ও অধিকতর সুযোগ-সুবিধার দাবিতে বলিভিয়ার সহস্রাধিক সেনার আন্দোলন থামাতে ৭শ’ জনকে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান। এদিকে সেনাদের আন্দোলনে সমর্থন জানিয়েছে আয়মারা আদিবাসী নেতারা। মঙ্গলবার থেকে শুরু হওয়া আন্দোলনের প্রথম দিনে ৫ শতাধিক সেনা প্রধানমন্ত্রী ইভো মোরালেসের সাথে সাক্ষাত্ করতে রাজধানী লা পাজের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার আন্দোলনকারী সেনার সংখ্যা এক হাজার ছাড়িয়ে যায়। তাদের দাবি, সেনাবাহিনীর সবার চিকিত্সা সেবার নিশ্চয়তা দিতে হবে এবং সৈনিকদের চাকরিরত অবস্থায় পড়ালেখা করার সুযোগ দিতে হবে যাতে তারা পরবর্তীতে কর্মকর্তা স্তরে উন্নীত হতে পারেন।
