শিবালয় উপজেলার বরংগাইল সাব-রেজিস্ট্রার খায়রুল আনামের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রি করে অর্থ আত্মসাত্, দলিল রেজিস্ট্রির নামে মোটা টাকা ঘুষ গ্রহণ, চারিত্রিক স্খলন, অসদাচরণসহ নানা অভিযোগে তদন্ত শুরু হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তার বিরুদ্ধে এ সকল অভিযোগের তদন্ত শুরু হওয়ায় অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। জানা গেছে, খায়রুল আনাম শিবালয়ে যোগদানের পর থেকে গত প্রায় ২ বছর এ অফিসে নানা অনিয়ম-দুর্নীতি চালিয়ে আসায় ভুক্তভোগী মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়। তিনি এ অফিস প্রাঙ্গণের মূল্যবান ১৩টি গাছ বেআইনীভাবে কেটে বিক্রি করে মোটা টাকা আত্মসাত্ করে।
