ভারতের সহিংসতাপূর্ণ পূর্বাঞ্চলীয় ঝাড়খন্ডে মাওবাদী বিদ্রোহীদের হামলায় নির্বাচন টিমের আট সদস্য নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নির্বাচনী কর্মকর্তা এবং বাকিরা নিরাপত্তার বাহিনীর সদস্য। এই হামলায় আরো ১২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটিতে চলতি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চালানো এটি ছিল সর্বশেষ ভয়াবহ হামলা। গতকাল শুক্রবার পুলিশ এ কথা জানায়। খবর এএফপি ও এনডিটিভির।
সূত্র জানায়, ভারতের নয় ধাপের সাধারণ নির্বাচনে ঝাড়খন্ডে নির্বাচনী দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবার রাতে ফেরার সময় দুমকা জেলায় এই হামলা চালানো হয়। হামলার পর ওই এলাকায় ব্যাপক সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নকশালদের হামলা এড়াতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরেও এই হামলা স্থানীয় প্রশাসনে তোলপাড় সৃষ্টি করেছে। ঝাড়খন্ড পুলিশ প্রধান রাজীব কুমার বলেন, নির্বাচনী কাজে নিয়োজিত একটি বাসে মাওবাদীরা ল্যান্ডমাইন দিয়ে বিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য, মাওবাদী বিদ্রোহীরা গত ৭ এপ্রিল শুরু হওয়া এ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিল। নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার চারদিন পর আগামী ১৬ মে ফলাফল ঘোষণা করা হবে। এ মাসের গোড়ার দিকে ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে বিদ্রোহীদের দু’দফা হামলায় নির্বাচন সংক্রান্ত ১৪ জন নিহত হয়। ভারতের উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী ও মাওবাদীরা অনেক বেশি সক্রিয়।
